জামায়াত নেতাসহ গ্রেপ্তার ২
সীতাকুণ্ড জামায়াতের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার ভোরে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় দুটি গাড়িতে অগ্নিসংযোগ করেছেন জামায়াত-শিবিরের কর্মীরা। গত বুধবার গভীর রাতে সীতাকুণ্ড পৌর সদর এলাকার বাসা থেকে উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা নুর ও কর্মী শহীদুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার মোস্তফা নুর সীতাকুণ্ড উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। এ দুজনকে গ্রেপ্তারের পর গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় দুটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার হরতাল চলাকালে সীতাকুণ্ডের পন্থিছিলা এলাকায় কয়েকটি গাড়ি পোড়ানো হয়। এ ঘটনায় করা মামলায় এই দুজনকে গ্রেপ্তার করা হয়। গাড়িতে আগুন দেওয়ার সময় জামায়াত-শিবিরের কর্মীরা মুখোশ পরা ছিলেন। এ সময় তাঁরা গাড়ি ভাঙচুরের চেষ্টা করলে স্থানীয় লোকজনের বাধার মুখে তাঁরা পালিয়ে যান।সীতাকুণ্ড জামায়াতের ভারপ্রাপ্ত আমির আবু তাহের প্রথম আলোকে বলেন, ‘বুধবার গভীর রাতে সাদা পোশাকের পুলিশ জামায়াত নেতা মোস্তফা নুর ও কর্মী শামসুল ইসলামকে গ্রেপ্তার করে। হরতালের আমাদের দলের নেতা-কর্মীরা কোনো বিশৃঙ্খলা না করলেও সরকার মামলা দিয়ে হয়রানি করছে। দলের ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে আলোচনা করে গ্রেপ্তারের প্রতিবাদে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’