রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন হত্যাকাণ্ড, পুলিশের ওপর হামলা ও ক্যাম্পাসে ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে জামায়াত-শিবিরের আরও ছয়জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে রাজশাহীর পবা উপজেলার কাঁটাখালী পৌর জামায়াতের নায়েবে আমির আফাজ উদ্দীন রয়েছেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন ফারুক হত্যা মামলার আসামি।পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার কাঁটাখালী বাজার থেকে জামায়াতের নায়েবে আমির আফাজ উদ্দীন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিবিরকর্মী আবদুর রাজ্জাক ও আবু তাহের, জেলার পুঠিয়া উপজেলার গণ্ডগোয়ালি বাজার থেকে আহসান হাবিব, আগের দিন শুক্রবার নওগাঁর সাপাহার থেকে মাহবুবুর রহমান ও সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা থেকে শাহিনূর রহমানকে গ্রেপ্তার করা হয়। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন খান জানান, আফাজকে কাঁটাখালীর বাজার থেকে শনিবার দুপুর একটার দিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অভিযান চালিয়ে নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবদুর রাজ্জাক ও গণিত বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আবু তাহেরকে গ্রেপ্তার করা হয়। রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হামিদ জানান, শনিবার বিকেলে গণ্ডগোয়ালি বাজার থেকে আহসান হাবিবকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগ রয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী। সাতক্ষীরার কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, কালীগঞ্জ উপজেলার ইন্দ্রনগর গ্রামে নিজ বাড়ি থেকে গত শুক্রবার সকাল ১০টার দিকে শাহিনুরকে গ্রেপ্তার করা হয়। তিনি ফারুক হত্যা মামলার আসামি। শুক্রবার রাতে তাঁকে মতিহার থানায় পাঠানো হয়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি সাহিত্যের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র। নওগাঁর সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রফিক জানান, শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার কৈকুড়ি গ্রামে অভিযান চালিয়ে মাহবুবকে গ্রেপ্তার করা হয়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি সাহিত্য বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ও শিবিরকর্মী। ফারুকের খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন: ফারুক হোসেনের খুনিদের ফাঁসি ও যুদ্ধাপরাধীদের বিচার, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ও ’৭২-এর সংবিধান পুনঃপ্রবর্তনের দাবিতে গত শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। [প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন রাজশাহীর নিজস্ব প্রতিবেদক, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও নওগাঁ প্রতিনিধি]