জামায়াত পবিত্র কোরআন পুড়িয়ে দাঙ্গা বাধাতে পারে: হানিফ
পবিত্র কোরআন পুড়িয়ে প্রগতিশীল গণ-আন্দোলনকারীদের ঘাড়ে দোষ চাপিয়ে জামায়াত-শিবির দেশে দাঙ্গা-হাঙ্গামা বাধাতে চায় বলে আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।গতকাল সোমবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পতাকা মিছিল-পূর্ব সমাবেশে একটি পত্রিকায় প্রকাশিত সংবাদের বরাত দিয়ে হানিফ এ আশঙ্কার কথা জানান। তিনি বলেন, পবিত্র কোরআনের অবমাননা করে যদি জামায়াত-শিবির ফায়দা লুটতে চায়, তাহলে তাদের কঠোর হস্তে দমন করা হবে। বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষও তাদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তিনি আরও বলেন, যারা জাতীয় পতাকা পুড়িয়েছে, তাদের এ দেশের নাগরিকত্ব থাকে না। রাজনীতি করারও তাদের কোনো অধিকার নেই। জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করতে সরকার পদক্ষেপ নিচ্ছে। ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ‘সারা দেশে আওয়াজ উঠেছে, পক্ষ নিলে রক্ষা নেই। খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের দল জামায়াতের পক্ষ নিয়েছেন। তাই জামায়াতের শাস্তি হলে খালেদা জিয়ারও হতে হবে।’স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কাউছারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের আফজাল হোসেন, স্বেচ্ছাসেবক লীগের পঙ্কজ দেবনাথ প্রমুখ।সমাবেশ শেষে জাতীয় পতাকা নিয়ে মিছিলসহকারে শহীদ মিনারে যান স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা।