কক্সবাজারের চার উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত প্রার্থীদের নিয়ে বিপাকে বিএনপি। জামায়াতের একক প্রার্থীর কারণে ইতিমধ্যে জেলার চকরিয়া ও মহেশখালী উপজেলা নির্বাচনে বিএনপি প্রার্থীর ভরাডুবি ঘটেছে। দুটি উপজেলায় জয়লাভ করেন আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির তৃনমূলের কয়েকজন নেতা বলেন, জামায়াত-বিএনপি যৌথভাবে একক প্রার্থী না দেওয়ায় জেলার টেকনাফ, সদর কক্সবাজার, রামু ও কুতুবদিয়া উপজেলা নির্বাচনেও বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের ভরাডুবি ঘটতে পারে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না বলেন, সম্প্রতি জেলার বিভিন্ন উপজেলায় বিএনপির একক চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হয়েছে। তাঁরা এখন নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। দলীয় সূত্র জানায়, টেকনাফে বিএনপির একক চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার কামাল চৌধুরীর নাম ঘোষণা করা হলেও মাঠে রয়েছেন উপজেলা জামায়াতের আমির নূর আহমদ আনোয়ারী। গত মঙ্গলবার সরওয়ার কামাল উপজেলার হ্নীলা বাজারে এবং নূর আহমদ আনোয়ারী বাহারছড়া বাজারে পৃথক গণসংযোগ করেন।
কক্সবাজার সদরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মাবুদকে বিএনপির একক প্রার্থী ঘোষণা করা হলেও মাঠে রয়েছেন জামায়াত প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি জি এম রহিম উল্লাহ।
গত মঙ্গলবার বিকেলে শহর জামায়াতের এক সমাবেশে জি এম রহিম উল্লাহকে বিজয়ী করতে নেতা-কর্মী-সমর্থকেরা ঝাঁপিয়ে পড়ার শপথ নেন।
জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোস্তাফিজুর রহমান বলেন, রাষ্ট্রীয় সন্ত্রাস আর নির্যাতনে অতিষ্ঠ মানুষ জি এম রহিম উল্লাহর পাশে রয়েছেন।
রামুতে বিএনপির একক চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি আহমেদুল হক চৌধুরীর বিপরীতে মাঠে রয়েছেন জামায়াত প্রার্থী ও উপজেলা জামায়াতের আমির ফয়জুল্লাহ মুহামঞ্চদ হাছান।
কুতুবদিয়ায় বিএনপির একক প্রার্থী ও জেলা বিএনপির সহসভাপতি এ টি এম নুরুল বশর চৌধুরীর বিপরীতে মাঠে নেমেছেন জামায়াত প্রার্থী ও উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহরিয়ার চৌধুরী।
আগামী ২৩ মার্চ কুতুবদিয়া ও রামু এবং ৩১ মার্চ টেকনাফ ও সদর কক্সবাজার উপজেলার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াতের এক নেতা বলেন, জেলার কয়েকটি উপজেলায় বিএনপির চেয়ে জামায়াত বেশি শক্তিশালী। অন্যান্য উপজেলাতেও জামায়াতের অবস্থান ভালো। কিন্তু বিএনপির একলা চলো নীতির কারণে সব উপজেলায় তাদের ( বিএনপির) ভরাডুবি ঘটছে। জামায়াত-বিএনপি যৌথভাবে একক প্রার্থী ঘোষণা করলে আওয়ামী লীগ একটি উপজেলাও জিততে পারত না।
দলীয় সূত্র জানায়, গত ২৭ ফেব্রুয়ারির নির্বাচনে চকরিয়া উপজেলায় ৬৫ হাজার ১৯৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের জাফর আলম। বিএনপির প্রার্থী মিজানুর রহমান চৌধুরী পেয়েছেন ৫৭ হাজার ৭১ ভোট। আর জামায়াতের প্রার্থী আরিফুর রহমান মানিক পেয়েছেন ২৮ হাজার ৫১৬ ভোট। বিএনপি-জামায়াত একক প্রার্থী ঘোষণা করলে জাফর আলমের জয়লাভ করা কঠিন হতো।
অন্যদিকে, গত ১ মার্চের মহেশখালী উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. হোসেন ইব্রাহীম ৩৬ হাজার ৩৭৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. হাবিব উল্লাহ পেয়েছেন ৩০ হাজার ৭৮০ ভোট। বিএনপির প্রার্থী ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক পেয়েছেন ২৩ হাজার ৭৮০ ভোট। আর জামায়াত প্রার্থী জাবের আহমদ চৌধুরী পেয়েছেন নয় হাজার ৭২৮ ভোট। জামায়াত-বিএনপির পৃথক প্রার্থী থাকায় অবশিষ্ট উপজেলাতেও বিএনপি-সমর্থিত প্রার্থীর ভাগ্য খারাপ হতে পারে বলে ভোটারদের ধারণা। জেলা জামায়াতের সেক্রেটারি জি এম রহিম উল্লাহ জানান, নির্যাতিত মানুষের মুক্তি আর পরিকল্পিত উন্নয়নের লক্ষ্যে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। সব দল ও মতের মানুষের ভালো সাড়াও তিনি পাচ্ছেন।
জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, সারা দেশে বিএনপি এককভাবে উপজেলা নির্বাচন করছে। এখানেও তাই হচ্ছে। এতে বিএনপির কোনো সমস্যা হচ্ছে না। চকরিয়াসহ বিভিন্ন উপজেলায় ভোট কারচুপির মাধ্যমে আওয়ামী লীগ প্রার্থীর জয়লাভ নিশ্চিত করা হচ্ছে।