টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের দুর্গম পাহাড়ি হিন্দুপল্লির বসতিতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে জামায়াত, বিএনপির পাশাপাশি আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বহু কর্মী-সমর্থকও ঘরছাড়া। পুলিশ ইতিমধ্যে আওয়ামী লীগ-সমর্থক নুরুল আমিন, শাহাব উদ্দিন ও আবদুর রহিম হাকিমকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। এ ঘটনায় দায়ের করা দুটি মামলায় তিনটি দলের ৭০ জনসহ অজ্ঞাতনামা আরও ৫৫০ জনকে আসামি করা হয়েছে। কিন্তু গতকাল পর্যন্ত পুলিশ আটক করেছে তালিকাভুক্ত ২৭ জনকে। গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় হোয়াইক্যং ইউনিয়নের দুর্গম গ্রাম জোয়ারীখোলা হিন্দুপাড়া ঘুরে দেখা গেছে, ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন এখনো খোলা আকাশের নিচে বসতি করছে। টেকনাফ উপজেলা পরিষদসহ সরকারি বিভিন্ন তহবিল থেকে পুড়ে যাওয়া দুটি ঘর তৈরির জন্য প্রতি পরিবারে তিন লাখ টাকা করে এবং আংশিক ক্ষতিগ্রস্ত আরও ১৫ পরিবারকে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। স্থানীয় যতীন্দ্র শর্মা (৭০) বলেন, ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটার দিকে দুই শতাধিক লোক হিন্দুপাড়ায় এসে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় এ গ্রামের ৩২টি পরিবারের তিন শতাধিক লোক পার্শ্ববর্তী পুকুর, খাল ও ধানখেতে লুকিয়ে প্রাণ বাঁচায়।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, এ সময় হামলাকারীদের নেতৃত্ব দেন হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জামায়াত নেতা নুর আহমদ আনোয়ারী, ইউপি সদস্য ও বিএনপির নেতা জালাল আহমদ, আনু মিয়া, জামায়াত নেতা নুর বশর, যুবলীগ নেতা জাফর আলমসহ অনেকে। মন্দির পাহারারত পুলিশের হাবিলদার মো. মুনির হোসেন বলেন, ইতিমধ্যে এ গ্রামের ১৫০টির বেশি ঘরে পুলিশ অভিযান চালিয়েও হামলার মূল হোতাদের ধরতে পারেনি। স্থানীয় হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক বখতিয়ার আহমদ চৌধুরী বলেন, ‘১৭ দিনে এজাহারনামীয় ৭০ জনের মধ্যে ২৫ আসামিকে গ্রেপ্তার করেছি। অজ্ঞাতনামা আরও সাড়ে ৫০০ জনের মধ্যে ভিডিও ফুটেজ ও ছবি দেখে ১৮ জনকে আটক করা হয়েছে। কিন্তু আত্মগোপনে থাকায় জামায়াত-বিএনপির মূল নেতাদের ধরা যাচ্ছে না।’একাধিকবার যোগাযোগ করেও চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী, বিএনপির নেতা জালাল আহমদ, আনু মিয়া ও নুর বশরকে এলাকায় পাওয়া যায়নি। ঘটনার পর থেকে তাঁরা আত্মগোপন করেন। সবার মুঠোফোনও বন্ধ পাওয়া গেছে। তবে ঘটনার পরদিন জামায়াত নেতা নুর আহমদ আনোয়ারী বলেছিলেন, তিনি হামলার মিছিলে নেতৃত্ব দিতে নয়, পরিস্থিতি শান্ত করতে গিয়েছিলেন।