হেফাজতে ইসলামের ১৩ দফা দাবিতে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি নেই। এ থেকেই পরিষ্কার হয় যে এই দাবি আসলে হেফাজতের নয়। এটি জামায়াত-বিএনপির তৈরি করা।গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের ভাস্কর্যের সামনে সাম্প্রদায়িকতাবিরোধী সংহতি সমাবেশে বক্তারা এসব কথা বলেন।‘সাম্প্রদায়িক সহিংসতা রুখে দাঁড়াও, আক্রান্তদের পাশে দাঁড়াও, মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নাও’ স্লোগানে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এই সমাবেশের আয়োজন করে।বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার চলছে বলেই দেশে নৈরাজ্য তৈরির পাঁয়তারা করছে জামায়াত-শিবির। অন্যদিকে দেশে ইসলাম রক্ষার নামে ১৩ দফা দাবি নিয়ে ‘নারী নির্যাতন করছেন’ হেফাজতে ইসলামের কর্মীরা। তাই দেশে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় জামায়াত-শিবিরসহ সব ‘অপশক্তির’ বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।বক্তারা আরও বলেন, ইসলাম রক্ষায় ১৩ দফা দাবি দিয়েছে হেফাজতে ইসলাম। এগুলোর মধ্যে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি নেই। এ থেকেই বিষয়টি পরিষ্কার হয়, এই দাবি হেফাজতের নয়।সমাবেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম ওহিদুজ্জামান, অধ্যাপক এম এম আকাশ, আনোয়ার হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি আশরাফ-উল-আলম, সাধারণ সম্পাদক এ কে এম মনিরুজ্জামান, নীল দলের আহ্বায়ক জাকারিয়া মিয়া, অধ্যাপক অজয় রায়, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, রাজশাহীতে শিবিরের হামলায় গুরুতর আহত পুলিশকে উদ্ধার করা ঝর্ণা বেগম প্রমুখ বক্তব্য দেন। হেফাজতের ঢাকার মহাসমাবেশের খবর সংগ্রহের সময় নিগৃহীত একুশে টিভির প্রতিবেদক নাদিয়া শারমিন মুঠোফোনে অনুষ্ঠানের সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।