জামায়াত বিএনপির জোটে থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে কোনো দূরত্ব নেই বলে দাবি করেছে দলটি। বিভিন্ন গণমাধ্যমে ‘বিএনপি-জামায়াত দূরত্ব বাড়ছে’ বলে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মুজিবুর রহমান গতকাল শনিবার এক বিবৃতিতে এ দাবি করেন।
বিবৃতিতে বলা হয়, জামায়াত ১৮-দলীয় জোটে আছে এবং থাকবে। জামায়াত ও বিএনপির মধ্যে সম্পর্কের চিড় ধরানোর অপচেষ্টা কখনো সফল হবে না। বিএনপি-জামায়াতসহ ১৮ দল একজোট হয়ে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে এবং উপজেলা নির্বাচনে অংশ নিয়ে সরকারের ভোট ডাকাতির মুখোশ দেশবাসীর সামনে উন্মোচন করে দিয়েছে।
পৃথক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান গতকাল দুর্বৃত্তের হাতে সিরাজগঞ্জের উল্লাপাড়ার চন্দ্রগাতি দাখিল মাদ্রাসার শিক্ষক নজরুল ইসলামের খুনের প্রতিবাদ জানান। নজরুল ইসলাম ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খানের মামা। বিবৃতিতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে শাস্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি।