বরিশালে সরকারি কাজে বাধা ও নাশকতার অভিযোগে হওয়া মামলায় জামায়াত ও বিএনপির ৬৮ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. আবু তাহের অভিযোগপত্রটি মহানগর হাকিম আদালতের বিচারক নুসরাত জাহানের আদালতে উপস্থাপনের জন্য আদালত পরিদর্শকের (জিআরও) কাছে জমা দেন।
২০১৩ সালের ২৯ অক্টোবর নগরের বগুড়া রোড এলাকায় আম্বিয়া হাসপাতালের সামনে গাড়ি ভাঙচুর, পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ওই ঘটনায় কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক মো. মজিবুর রহমান বাদী হয়ে জামায়াত-বিএনপির ৩৪ নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনের বিরুদ্ধে মামলা করেন।
অভিযোগপত্রের উল্লেখযোগ্য আসামিরা হলেন মহানগর জামায়াতের সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন হেলাল, নায়েবে আমির বজলুর রহমান, বারেক হোসেন, ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মো. জাহাঙ্গীর হোসেন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মিজানুর রহমান, মহানগর ছাত্রশিবিরের সভাপতি আবদুল্লাহ আল নাহিয়ান, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি শাহাবুদ্দিন মোল্লা, কাউসার উদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন, সদস্য মোস্তাফিজুর রহমান, মো. জাকির হোসেন, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আবদুল করিম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আল আমিন, সহসভাপতি ইব্রাহিম খলিফা, ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রাহাতুল ইসলাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক কবির সিকদার, সহসাধারণ সম্পাদক ফিরোজ আল আমিন, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শহীদুল ইসলাম খোকন, জেলা ছাত্রদলের সাবেক নেতা পারভেজ আকন বিপ্লব, মো. তছলিম, সবুজ আকন।
অন্যদিকে সদর উপজেলার ৬ নম্বর ইউনিয়ন জামায়াতের সভাপতি বজলুর রহমান সিকদার, মহানগর জামায়াতের সদস্য মো. শহীদুল ইসলাম, জামায়াতের কর্মী সাইফুল ইসলাম, ওয়াহিদুল ইসলাম খান, কালু ও সৈয়দ মিজানুর রহমানকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।