জামায়াত মুক্তিযুদ্ধকালের ভূমিকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) চেয়ারপারসন এবং বাংলাদেশ রুখে দাঁড়াও সংগঠনের আহ্বায়ক সুলতানা কামাল বলেছেন, মুক্তিযুদ্ধে জামায়াত-শিবির যে ধরনের কর্মকাণ্ড চালিয়েছে, এখনো একইভাবে তারা সেসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তারা পরিকল্পিতভাবে হিন্দু সম্প্রদায়, সংখ্যালঘু ও আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের আঘাত করছে। সাতক্ষীরায় এখন যে ধরনের অবস্থা বিরাজ করছে, তাতে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তাই তিনি জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের অবরোধ কর্মসূচিতে সাতক্ষীরায় ব্যাপক সহিংসতা চালায় জামায়াত-শিবির। এর আগে গত ফেব্রুয়ারিতে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করেও জেলাটিতে সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনায় এখন পর্যন্ত ৪৫ জন নিহত হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ রুখে দাঁড়াও।

সম্প্রতি জামায়াত-শিবিরের তাণ্ডবের ঘটনা পরিদর্শন করতে সংগঠনটির সাত সদস্যের একটি প্রতিনিধিদল সাতক্ষীরায় যায়। সেখানে তাঁরা ২২-২৩ ডিসেম্বর কলারোয়া, দেবহাটা, কালীগঞ্জ ও আশাশুনির বোধহাটা ঘুরে দেখেন।

প্রতিনিধিদলে নেতৃত্ব দেন সাংবাদিক আবেদ খান। অন্যদের মধ্যে ছিলেন সংগঠনের নির্বাহী পরিষদের সদস্য ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সদস্য জিয়াউদ্দিন তারিক আলী, তথ্য কমিশনার সাদেকা হালিম, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সানজিদা আখতার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাবেরী গায়েন, জিয়াউর রহমান ও নাট্যশিল্পী রোকেয়া প্রাচী।

আজ সংবাদ সম্মেলন করে আবেদ খান সেই সহিংসতার প্রতিবেদন তুলে ধরেন। তিনি বলেন, সংখ্যালঘু ও আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের ওপর জামায়াত-শিবির হামলা চালাচ্ছে। কিন্তু তাঁদের পাশে কেন্দ্রীয় নেতাদের কেউ দাঁড়াচ্ছেন না।

আর জামায়াত-শিবিরের এসব কর্মকাণ্ডে ইসলামী ব্যাংকসহ ইসলামি বাণিজ্যিক ও সেবাদানমূলক প্রতিষ্ঠানগুলো অর্থায়ন করছে। গণমাধ্যমে সাতক্ষীরার ভয়াবহতা নিয়ে যে প্রতিবেদন আসছে, তা খুবই সামান্য। ঘটনা এর চেয়ে আরও অনেক বেশি ভয়াবহ। শুধু সাতক্ষীরাই নয়, এমন ঘটনা লালমনিরহাটসহ সীমান্তবর্তী এলাকাগুলোতেও ঘটছে।

বাংলাদেশ রুখে দাঁড়াও-এর সুপারিশ
এ অবস্থায় সংগঠনটি আক্রান্তদের পাশে সবাইকে দাঁড়ানো আহ্বান জানায়।  এ ছাড়া মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ মঞ্চ তৈরি করে এই ফ্যাসিস্ট শক্তিকে পরাভূত; জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ; যেখানেই এ ধরনের সহিংসতা সেখানেই সরকারকে শক্ত অবস্থান নেওয়ার; যুদ্ধাপরাধের বিচার ত্বরান্বিত ও রায় কার্যকর করা; ক্ষতিগ্রস্তদের পাশে দলীয় নেতা-কর্মীদের দাঁড়ানোর; মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলা এবং দলীয় নেতা-কর্মীদের মুক্তিযুদ্ধের চেনতায় উদ্বুদ্ধ হওয়ার প্রশিক্ষণ দিতে হবে।

এ ছাড়াও আজকের অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী।