বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন বলেছেন, জামায়াতের ইসলাম এবং এ দেশের সাধারণ মানুষের ইসলাম এক নয়। এ দেশের ধর্মপ্রাণ সাধারণ মানুষ অন্তরের শ্রদ্ধা থেকে নামাজ পড়েন, রোজা রাখেন এবং হজ পালন করেন। আর জামায়াত শুধু রাজনীতির স্বার্থে ধর্মকে ব্যবহার করে।যুদ্ধাপরাধের বিচার ও বাহাত্তরের সংবিধান পুনর্বহালের দাবিতে গতকাল সোমবার সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সিলেট বিভাগীয় কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন এসব কথা বলেন।রাশেদ খান মেনন বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া শুরু হওয়ার পর জামায়াতের কর্মীরা ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র হচ্ছে বলে সরকারের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে। সাধারণ জনগণকে এসব গুজবের ব্যাপারে সজাগ থাকতে হবে। একাত্তরের এসব চিহ্নিত যুদ্ধাপরাধী যাতে নতুন করে মাথাচাড়া দিতে না পারে, সে জন্য ঐক্যবদ্ধ হতে হবে।বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সিলেট জেলার সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের পলিটব্যুরোর সদস্য সাংসদ ফজলে হোসেন বাদশা। অন্যদের মধ্যে বক্তব্য দেন উদীচী সিলেটের সভাপতি মো. আরশ আলী, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের আহ্বায়ক ভবতোষ রায়বর্মণ, জাসদ সিলেট মহানগরের সভাপতি জাকির আহমদ, সিপিবি সিলেটের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও সিলেট প্রেসক্লাবের সভাপতি আল-আজাদ।