রাজশাহীতে গতকাল শুক্রবার সন্ধ্যায় জামায়াতে ইসলামী ও শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে সাতজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।এ ছাড়া জামায়াত-শিবিরের সঙ্গে সংঘর্ষে মৌলভীবাজারে পুলিশের এক কর্মকর্তাসহ ছয়জন ও কুমিল্লায় চারজন আহত হয়েছেন। মৌলভীবাজার, কুমিল্লা, রাজশাহী, কুষ্টিয়া ও সিরাজগঞ্জ থেকে জামায়াত-শিবিরের ৪০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনাল বাতিল, আটক জামায়াত নেতাদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে গতকাল জামায়াত-শিবির দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: রাজশাহী: সন্ধ্যা পৌনে সাতটার দিকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা নগরের তালাইমারীর মোড় থেকে মিছিল বের করেন। তাঁরা মিছিল নিয়ে নগরের শহীদ মিনার এলাকায় এসে বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে পুলিশ এসে তাঁদের ধাওয়া করলে সংঘর্ষ বেধে যায়। এ সময় জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল ছুড়তে থাকেন। পুলিশও পাল্টা রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এভাবে তালাইমারী থেকে নগরের পঞ্চবটী পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে সংঘর্ষ চলে। একপর্যায়ে জামায়াত-শিবির পিছু হটতে শুরু করে। এ ঘটনায় ছয়জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ২০ জন আহত হন। এর মধ্যে রয়েছেন: জালাল উদ্দিন, আবদুস সাদ্দাম, নাজমুল, শামীম। এ সময় পুলিশ ১০ জনকে আটক করে। এর আগে দুপুরে নগরের মালোপাড়া থেকে ওলামা-মাশায়েখের ব্যানারে মিছিল বের করে জামায়াত-শিবির। মিছিলটি মহিলা কলেজের সামনের রাস্তা অবরোধ করে সমাবেশ করতে থাকলে পুলিশ বাধা দেয়। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ওই এলাকা থেকে শিবিরের ১০ কর্মীকে আটক করে। মৌলভীবাজার: জুমার নামাজের পর জামায়াত-শিবির বড়লেখা উপজেলার দক্ষিণভাগে একটি মিছিল বের করে। বাধা দিলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উপপরিদর্শক (এসআই) রজব আলী, কনস্টেবল রতন মিয়া, রিজার্ভ পুলিশের সদস্য মারুফ আহমদ ও রুবেল আহমদ, অজ্ঞাতপরিচয়ের দুই পথচারীসহ ছয়জন আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ নয়টি ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। কুমিল্লা: দুপুরে নগরের কুমিল্লা শিক্ষা বোর্ড মসজিদে নামাজ পড়ে সম্মিলিত ওলামা-মাশায়েখ পরিষদের ব্যানারে জামায়াত-শিবির বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরের টমছমব্রিজ এলাকায় পৌঁছালে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাতটি রাবার বুলেট ছোড়ে। এরপর পুলিশ টমছমব্রিজ এলাকার বিভিন্ন ছাত্রাবাসে তল্লাশি চালিয়ে জামায়াত-শিবিরের ১০ জন কর্মীকে আটক করে। কুষ্টিয়া: জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা বেলা আড়াইটার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে ওলামা-মাশায়েখ ও ইসলামপ্রিয় জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে তাঁরা কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় মহাসড়কের দুই পাশে শত শত পরিবহন আটকা পড়ে। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। তবে শহরের প্রধান সড়ক এন এস রোডসংলগ্ন বড় মসজিদের সামনে মিছিলের চেষ্টা করলে পুলিশ সেখান থেকে হাজি মমতাজ আলী ও রমজান আলী নামের জামায়াতের দুই কর্মীকে আটক করে। সিরাজগঞ্জ: শহরের এস এস রোডে মিছিলের প্রস্তুতিকালে দুজন এবং উল্লাপাড়ায় জুমার নামাজ শেষে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা মিছিল বের করলে পাঁচজনকে আটক করে পুলিশ।