রাজশাহী নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
জামায়াত-শিবির চক্র যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে এসব ঘটাচ্ছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারকাজ নস্যাত্ করার জন্যই জামায়াত-শিবির চক্র এ ধরনের অঘটন ঘটিয়ে যাচ্ছে। তারা বঙ্গবন্ধু হত্যার বিচার হোক সেটাও চায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল বৃহস্পতিবার রাজশাহীর ঘটনা নিয়ে সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন। গত মঙ্গলবার ভোরে শিবিরের সন্ত্রাসীদের হাতে ছাত্রলীগের কর্মী ফারুককে হত্যা এবং কয়েকজন ছাত্রের রগ কেটে দেওয়ার পুরো ঘটনা উল্লেখ করেন মন্ত্রী। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে এ সময় সরকারি ও বিরোধী দলের সদস্যরা উপস্থিত ছিলেন। তবে এই বক্তব্যের একটি অংশের প্রতিবাদ করে সংসদ অধিবেশন ওয়াকআউট করে বিরোধী দলের সদস্যরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খুনি মোশতাক, জিয়া চক্র স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবিরকে লালন-পালন এবং রাজনৈতিকভাবে পুনর্বাসিত করেছে। দিনে দিনে তারা বিষাক্ত নিঃশ্বাস ছাড়তে শুরু করেছে। একের পর এক শিক্ষাপ্রতিষ্ঠানে তারা সন্ত্রাস ছড়াচ্ছে। রাজশাহীতে হত্যার পর লাশ ম্যানহোলে ফেলে দেওয়ার ঘটনা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াত-শিবিরের এ নৃশংসতা ১৯৭১-এর নৃশংসতাকেও হার মানায়।