জামায়াত-শিবির থেকে আ.লীগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিষ্টি মুখ করিয়ে জামায়াত-শিবিরের ৭০ কর্মীকে ফুল দিয়ে দলে বরণ করে নিলেন পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা। গত শুক্রবার রাতে বাঘহাচলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে ওই ৭০ জন আওয়ামী লীগে যোগ দেন। এ সময় ওয়ার্ড নেতাসহ বিএনপির কিছু কর্মীও আওয়ামী লীগে যোগ দেন।
ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মখলেছুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। মুলাডুলি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান জানান, জামায়াত-শিবিরের এসব কর্মী বিগত সময়ে ওই এলাকায় সরকারবিরোধী আন্দোলনে ভূমিকা পালন করেন। স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে পরামর্শ করে তাঁদের আওয়ামী লীগে যোগদান করানো হয়। এ ছাড়া এলাকায় আশ্রয়ণ প্রকল্প নির্মাণ, মুক্তিযোদ্ধা ডিলু হাট পুনঃস্থাপন ও রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন দেখে খুশি হয়ে তাঁরা আওয়ামী লীগে যোগদান করেন।
মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন জানান, আওয়ামী লীগে যোগ দেওয়ার আগে তাঁদের প্রত্যেকের ছবি ও ঠিকানা সংগ্রহ করা হয়। পরে তাঁরা আওয়ামী লীগের সদস্য ফরম পূরণ করে দলে যোগদান করেন।
যোগাযোগ করা হলে মুলাডুলি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শাহীন হোসাইন জানান, যাঁরা আওয়ামী লীগে যোগ দিয়েছেন তাঁরা জামায়াতের সক্রিয় কর্মী নন। মুলাডুলি সাংগঠনিক শাখা ছাত্রশিবিরের সভাপতি হুজ্জুতুল্লাহ জানান, ওঁরা শিবিরের কেউ নন।