সিপিবি ও বাসদের নেতারা বলেছেন, জামায়াত-শিবির ধর্মভিত্তিক নয়, সন্ত্রাসী সংগঠন। জামায়াত-শিবির নেতা-কর্মীদের প্রতিরোধ করার জন্য দেশবাসীর প্রতি তাঁরা আহ্বান জানান। দেশব্যাপী ‘জামায়াত-শিবির প্রতিরোধ দিবস’ কর্মসূচি পালনের অংশ হিসেবে গতকাল শনিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে এই আহ্বান জানানো হয়। বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ, প্রেসিডিয়াম সদস্য কাজী সাজ্জাদ জহির, বাসদের রাজেকুজ্জামান, রাহাত আহমেদ, মঞ্জুর মইন প্রমুখ।বক্তারা জামায়াত-শিবিরের অপপ্রচারে দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গড়ে ওঠা গণ-আন্দোলন পাড়া-মহল্লায় ছড়িয়ে দিতে হবে। এ বিচার নিয়ে কোনো টালবাহানা জনগণ মানবে না। সমাবেশ শেষে একটি মিছিল জাতীয় প্রেসক্লাব থেকে তোপখানা রোড হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। বিজ্ঞপ্তি।