জামায়াত-শিবির নিষিদ্ধ করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কওমি মাদ্রাসা সংরক্ষণ কমিটি গতকাল শুক্রবার বিকেলে সিলেট নগরে লাঠি মিছিল ও সমাবেশ করে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে।সিলেটের কানাইঘাটে সম্প্রতি জমিয়তে উলামা বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আল্লামা আলীমুদ্দিন দুর্লভপুরীর ওপর জামায়াত-শিবির হামলা চালায় বলে অভিযোগ ওঠে। ওই হামলার প্রতিবাদে কওমি মাদ্রাসা সংরক্ষণ কমিটির ব্যানারে লাঠি মিছিল শেষে সমাবেশ থেকে সরকারের প্রতি এ দাবি জানানো হয়। গতকাল জুমার নামাজ শেষে নগরের জেল রোড এলাকা থেকে মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে সমাবেশে মিলিত হয়। সমাবেশে ‘নাস্তিক’ ব্লগারদের গ্রেপ্তার করে দ্রুত শাস্তির দাবি জানানো হয়।দারুল হাদিস হরিপুর বাজার মাদ্রাসার মুুহাদ্দিস মাওলানা লোকমান আহমদের সভাপতিত্বে সমাবেশে সিলেট বারের আইনজীবী ও জমিয়তের নেতা মোহাম্মদ আলী, মাদানী সৈনিক পরিষদের চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন চতুলী, কওমি মাদ্রাসা সংরক্ষণ কমিটির সহসাধারণ সম্পাদক তাহুরুল হক জকিগঞ্জি, মুসলিম যুবসমাজ সিলেটের সংগঠক মাওলানা মামুনুর রশীদ, বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমদ প্রমুখ বক্তব্য দেন।সমাবেশে বক্তারা বলেন, মওদুদীবাদী জামায়াত পথভ্রষ্ঠ, তাদের আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাআত ও কোরআন-হাদিসের পরিপন্থী। তাদের দলে শরিক হওয়া, সঙ্গে কাজ করা, সহযোগিতা করা জায়েজ হবে না। তাই পাড়া-মহল্লা থেকে জামায়াত-শিবিরের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানোর পাশাপাশি সরকারকে দ্রুত জামায়াত-শিবির নিষিদ্ধ করার পদক্ষেপ নিতে হবে। সমাবেশ থেকে সরকারকে সব ইসলামবিরোধী তৎপরতা বন্ধ এবং নাস্তিক ব্লগারদের গ্রেপ্তার করে দ্রুত শাস্তির আওতায় নেওয়ার আহ্বান জানানো হয়।