জামায়াত-শিবির নিষিদ্ধ করার দাবি বিভিন্ন সংগঠনের
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন। গতকাল শুক্রবার বিবৃতি ও সভায় সংগঠনগুলো এ দাবি জানায়।বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান এক যৌথ বিবৃতিতে জামায়াত-শিবিরের সন্ত্রাস, নৈরাজ্য, মানুষ খুন ও হরতালের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক পৃথক বিবৃতিতে অবিলম্বে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ এবং বিএনপি-জামায়াতের নৈরাজ্য প্রতিরোধের আহ্বান জানান।জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া বিবৃতিতে বলেন, জামায়াত-শিবির তাদের অপরাধ-অপকর্ম আড়াল করতে একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচার-প্রক্রিয়াকে ইসলামবিরোধী কর্মকাণ্ড হিসেবে দেখিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিবৃতিতে তাঁরা এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।এদিকে গতকাল গণতান্ত্রিক বাম মোর্চার জরুরি সভায় জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানানো হয়। গতকাল হাক্কানি পীর-মাশায়েখ-ওলামা ফোরামের জরুরি সভায় জামায়াত-শিবির নির্মূলের জন্য দেশের সব ধর্মপ্রাণ মুসলমানের প্রতি আহ্বান জানানো হয়েছে। দেশজুড়ে জামায়াত-শিবিরের তাণ্ডবের প্রতিবাদে জাতীয় গণতান্ত্রিক লীগ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আজ শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ আহ্বান করেছে। জাতীয় গণতান্ত্রিক লীগ এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি জানায়।এ ছাড়া জাতীয় মুক্তি কাউন্সিল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, কৃষিবিদ ইনস্টিটিউশন, জাতীয় যুব জোট জামায়াত-শিবিরের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে।