জামায়াত-শিবির নিষিদ্ধ করার দাবি সিপিবির
‘একতরফা নির্বাচনের আয়োজন ও নির্বাচন প্রতিহতের সংঘাতপূর্ণ রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে জামায়াত-শিবির চক্র তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে সশস্ত্র যুদ্ধ ও নাশকতায় নেমেছে। তাদের সশস্ত্র অন্তর্ঘাত আর কিছুতেই বরদাস্ত করা যায় না। এই অপশক্তি দেশের অস্তিত্বের বিরুদ্ধে আঘাত হানার যে পাঁয়তারা করছে, তার বিরুদ্ধে সব দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে গণপ্রতিরোধে গড়ে তুলতে হবে।’ আজ মঙ্গলবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সভায় নেওয়া প্রস্তাবে এই আহ্বান জানানো হয়েছে।
বিএনপির ছত্রছায়ায় স্বাধীনতাবিরোধী জামাত-শিবির চক্র সারা দেশে সহিংস তাণ্ডব চালিয়ে যাচ্ছে, অভিযোগ করে সশস্ত্র তাণ্ডব প্রতিহত করার জন্য দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় সভায়।
সভার প্রস্তাবে বলা হয়, ‘সব রকমের দ্বিধা-দ্বন্দ্ব ছেড়ে সরকারের উচিত জামায়াত-শিবিরের জঙ্গিদের বিরুদ্ধে দৃঢ় ব্যবস্থা গ্রহণ করা এবং জামায়াত-শিবির নিষিদ্ধ করার জন্য এখনই পদক্ষেপ গ্রহণ করা। গণদাবির প্রতি সম্মান দেখিয়ে সবার উচিত এ বিষয়ে এক হওয়া এবং নির্বাচন সম্পর্কে রাজনৈতিক বিবাদ রাজনৈতিকভাবে মীমাংসা করা।’
সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য দেন মনজুরুল আহসান খান, আবু জাফর আহমেদ, হায়দার আকবর খান রনো, শামছুজ্জামান সেলিম, লক্ষ্মী চক্রবর্তী, আলতাফ হোসাইন, সাজ্জাদ জহির চন্দন, আহসান হাবিব লাবলু, রফিকুজ্জামান লায়েক প্রমুখ।