সন্ত্রাসবিরোধী আইনে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। গতকাল বুধবার নগরের প্রেসক্লাবের সামনে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তাঁরা এ দাবি জানান।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। এতে বক্তব্য দেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সেকান্দর চৌধুরী এবং অন্যদের মধ্যে আলী আজগর চৌধুরী, আবদুল গফুর খান, মোহাম্মদ আলমগীর, দেবপ্রসাদ পাল, রণজিত কুমার চৌধুরী ও পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি এ কিউ এম সিরাজুল ইসলাম।
মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রদায়িক সহিংসতার যাবতীয় ঘটনা তদন্তের জন্য সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি কমিশন গঠন করে ছয় মাসের মধ্যে তার প্রতিবেদন দেশবাসী এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে জানাতে হবে।