জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশজুড়ে জামায়াত-শিবিরের সহিংসতার প্রতিবাদে এবং কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসি ও জামায়াত-শিবিরসহ ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মিছিল হয়েছে। গতকাল শনিবার বিকেল চারটায় শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে সিপিবি ও বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ করা হয়। জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন: জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস, ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, সিপিবির সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, যখন নতুন প্রজন্ম যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগসহ সারা দেশে আন্দোলন গড়ে তুলেছে, ঠিক সেই সময়ে যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে জামায়াত-শিবির চক্র দেশে সন্ত্রাস চালাচ্ছে। শুক্রবার ধর্মের কথা তুলে তারা সাধারণ মুসল্লিদের বিভ্রান্ত করে সহিংসতা চালিয়েছে। তারা জাতীয় পতাকা অবমাননা এবং শহীদ মিনার ও গণজাগরণ মঞ্চ ভাঙচুর করেছে। এ থেকে প্রমাণিত হয়, জামায়াত-শিবির একটি সন্ত্রাসী শক্তি, তারা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধ্বংস করতে চায়। জামায়াত-শিবির চক্রের রাজনীতি নিষিদ্ধ করার ব্যাপারে জাতি আজ ঐক্যবদ্ধ। নেতারা জামায়াতসহ ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও ধর্মের রাজনৈতিক ব্যবহার নিষিদ্ধ করার দাবি জানান। তাঁরা ব্লগার রাজীব হত্যাকারী সন্ত্রাসী জামায়াত-শিবির চক্রকে প্রতিহতের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।