জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে পতাকা মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গণজাগরণ মঞ্চে আবার জনতার ঢল নেমেছে। জামায়াত-শিবিরের তাণ্ডবের প্রতিবাদে গতকাল শনিবার গণজাগরণ মঞ্চে বিশাল জাতীয় পতাকা মিছিল হয়েছে। এ সময় যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি তোলা হয়। গতকাল বেলা তিনটা থেকে প্রেসক্লাব চত্বরের গণজাগরণ মঞ্চে আবার জড়ো হতে থাকেন সর্বস্তরের মানুষ। এ সময় ‘জামায়াত-শিবির রাজাকার—এই মুহূর্তে বাংলা ছাড়, জামায়াতে ইসলাম—মেড ইন পাকিস্তান, জামায়াতের এক গুণ—মানুষ খুন মানুষ খুন, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই—রাজাকারের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগানে প্রকম্পিত করে তোলে গণজাগরণ মঞ্চ।মঞ্চে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন এসে যোগদান করে। বিভিন্ন বয়সের শিশু-কিশোর, নর-নারীরা দলে দলে এখানে যোগদান করেছেন। বিকেল পৌনে পাঁচটার দিকে গণজাগরণ মঞ্চ থেকে এক বিশাল পতাকা মিছিল বের হয়। মিছিলে প্রত্যেকের হাতে ছিল পতাকা। এ ছাড়া মাথায় ছিল লাল-সবুজ ব্যান্ড। মিছিল থেকে জামায়াতে ইসলামী ও যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয়। মিছিলটি প্রেসক্লাব থেকে আন্দরকিল্লা জামে মসজিদের সামনে দিয়ে শহীদ মিনারে যায়। এরপর সেখানে আবার জামালখানের গণজাগরণ মঞ্চে ফিরে আসে। পরে সেখানে আবার প্রতিবাদ কর্মসূচি শুরু হয়। সন্ধ্যার পর গণজাগরণ মঞ্চে মানুষের ঢল নামে। স্লোগান ও বক্তৃতায় রাত পর্যন্ত চলে গণজাগরণ মঞ্চের কর্মসূচি। গত বৃহস্পতিবার গণজাগরণ মঞ্চের টানা ১৬ দিনের কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। কিন্তু শুক্রবার জামায়াত-শিবির নগরের প্রেসক্লাব, গণজাগরণ মঞ্চসহ বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে আবার জেগে ওঠে তরুণ সমাজ। শুক্রবার সন্ধ্যায় গণজাগরণ মঞ্চের স্থানে তরুণেরা জড়ো হয়ে প্রতিবাদ জানান। গতকাল শনিবার আনুষ্ঠানিক কর্মসূচি আবার শুরু করা হয়।বিকেল সাড়ে চারটায় চট্টগ্রাম প্রেসক্লাব এলাকার গণজাগরণ মঞ্চের সামনে মুক্তিযোদ্ধা ওয়াহিদুল আলমের জানাজা অনুষ্ঠিত হয়। তিনি মানবতাবিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের ১৯তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন। গত শুক্রবার রাতে তিনি হূদেরাগে আক্রান্ত হয়ে মারা যান।