জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের সমালোচনা করে মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ বলেছেন, তারা মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তিকারী ব্লগারদের চেয়েও বড় ‘নাস্তিক-মুরতাদ’। বাংলাদেশ ওলামা-মাশায়েখ তৌহিদী জনতা পরিষদের আমির মাওলানা মাসউদ গতকাল শনিবার বিকেলে মতিঝিল শাপলা চত্বরের সমাবেশে এ কথা বলেন। কথিত ‘ধর্মদ্রোহী ও রাষ্ট্রদ্রোহীদের’ মুখোশ উন্মোচন ও মূলোৎপাটনের লক্ষ্যে ওলামা-মাশায়েখ তৌহিদী জনতা পরিষদ এ সমাবেশের আয়োজন করে। সমাবেশ উপলক্ষে পুলিশ ও র্যাব শাপলা চত্বরসহ আশপাশের বড় এলাকাজুড়ে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেয়। সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত আরামবাগ পুলিশ বক্স, আর কে মিশন রোড়ের মোড়, শিল্প ব্যাংকের সামনে ও দৈনিক বাংলা মোড়ে কাঁটাতারের বেষ্টনী দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। সমাবেশে হাজার দুয়েক মানুষ অংশ নেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। মাওলানা মাসউদ দাবি করেন, ‘জামায়াতের মূল নেতা (সৈয়দ আবুল আলা মওদুদী) পবিত্র কোরআন, রাসুল (সা.), নবী ও সাহাবাদের সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন।’ তিনি আরও বলেন, ‘বড় দুঃখ হয়, কিছু কুলাঙ্গার ব্লগে রাসুলের (সা.) চরিত্র সম্পর্কে কুৎসিত কথা বলার সাহস দেখাচ্ছে।’ সমাবেশে সব ধর্মের মর্যাদা রক্ষার স্থায়ী আইন প্রণয়ন, মহানবী (সা.) সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্যকারী ব্লগারদের চিহ্নিত করে শাস্তি প্রদান, ‘সাম্প্রদায়িক শক্তি’ জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করাসহ ১০ দফা দাবি জানানো হয়।মাসউদের সমাবেশ প্রত্যাখ্যাত হয়েছে: ‘নাস্তিকদের’ পক্ষ নেওয়ায় মাওলানা মাসউদের সমাবেশ হাক্কানি ওলামা-মাশায়েখ ও ইমানদার মুসলমানেরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছে ৩৩টি ধর্মভিত্তিক সংগঠন। গতকাল শনিবার এক যৌথ বিবৃতিতে এ দাবি করা হয়।