জামায়াত-শিবির রাজপথে ছিল না
চট্টগ্রাম নগরে গতকাল মঙ্গলবারের হরতালে জামায়াত-শিবিরের কাউকে রাজপথে দেখা যায়নি। তবে নগরের বকসিরহাটে একটি ঝটিকা মিছিল বের করে শিবির। পুলিশ যাওয়ার আগেই মিছিলকারীরা হাওয়া হয়ে যায়। গত সপ্তাহে জামায়াতের ডাকা হরতালে জামায়াত-শিবিরকে বেশ সক্রিয় দেখা গেছে। কিন্তু গতকাল ছিল সম্পূর্ণ ভিন্ন চিত্র। নগরের গুরুত্বপূর্ণ মোড়ে কেবল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের দেখা গেছে। এদিকে গতকালের হরতালে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বিএমএ গেট এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি ও জামায়াতকর্মীদের সংঘর্ষ হয়। এতে পুলিশসহ অন্তত পাঁচজন আহত হন। এ সময় পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে। সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, সীতাকুণ্ডের বিএমএ গেট এলাকায় মিছিল করার জন্য জড়ো হলে পুলিশ বাধা দেয়। পরে মিছিলকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় কয়েক রাউন্ড গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়।