জামায়াত-শিবির শাহবাগ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত-শিবির শাহবাগ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এ ব্যাপারে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১। এ ছাড়া মিথ্যা প্রচারপত্র ছড়ানোর কারণে বিচারপতি মিজানুর রহমান ভূঁঞার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ফোরাম।ফোরামের চেয়ারম্যান এ কে খন্দকার, ভাইস চেয়ারম্যান কে এম সফিউল্লাহ, সি আর দত্ত, আবু ওসমান চৌধুরী ও ভারপ্রাপ্ত মহাসচিব হারুন হাবীব গতকাল বুধবার যৌথ বিবৃতিতে এই দাবি জানান।বিবৃতিতে বলা হয়, ‘মানবতাবিরোধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে নতুন প্রজন্মের নবজাগরণে ভীতসন্ত্রস্ত হয়ে স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির ও তাদের পৃষ্ঠপোষকেরা পবিত্র ধর্ম ও মহানবী (সা.)-এর নাম ব্যবহার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত। এই অপশক্তি ১৯৭১ সালের মতোই নবপ্রজন্মের মুক্তিযোদ্ধাদের “মুরতাদ” আখ্যায়িত করার অপকৌশল নিয়েছে। দেশের সব বীর মুক্তিযোদ্ধা ও জনসাধারণকে জামায়াত-শিবির চক্রের অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে যার যার অবস্থান থেকে নতুন প্রজন্মের জাগরণকে সর্বাত্মক সমর্থন করার আহ্বান জানাচ্ছি।’ এতে বলা হয়, ‘উচ্চ আদালতের বিচারপতি মিজানুর রহমান ভূঁঞা সম্প্রতি নবপ্রজন্মের ব্লগার ও শাহবাগ আন্দোলনের প্রথম শহীদ আহমেদ রাজীব হায়দারকে “মুরতাদ” উল্লেখ করে প্রচারপত্র বিলি করার কাজে জড়িত হয়েছেন। এর মাধ্যমে তিনি তাঁর সাংবিধানিক শপথ ভঙ্গ করেছেন। অবিলম্বে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে এই বিতর্কিত বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বিচার বিভাগের নিরপেক্ষতা ও মর্যাদা অক্ষুণ্ন রাখার দাবি জানাচ্ছি।’