জামায়াত-শিবিরকে দায়ী করে তদন্ত প্রতিবেদন
ফটিকছড়ির ভুজপুরে তাণ্ডবের ঘটনায় স্থানীয় জামায়াত-শিবিরকে দায়ী করা হয়েছে। এ ধরনের ঘটনা এড়ানোর জন্য কিছু সুপারিশ করেছে তদন্ত কমিটি। গত বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।গত ১১ এপ্রিল দুপুরে ভুজপুরে আওয়ামী লীগের মিছিলে সশস্ত্র হামলা চালানো হয়। এতে ছাত্রলীগ ও আওয়ামী লীগের তিনজন নিহত এবং আরও শতাধিক আহত হন। হামলাকারীরা আওয়ামী লীগের ১৫০টি মোটরসাইকেলসহ ১৬০টি গাড়ি পুড়িয়ে দেয়, যার দাম পাঁচ কোটি টাকার বেশি। ভুজপুরের সন্ত্রাসী ঘটনার পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জেলা হাকিম (এডিএম) মোহাম্মদ শহীদুল আলমের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। জেলা প্রশাসক মো. আবদুল মান্নান কমিটি গঠন করেন।তদন্ত সূত্র জানায়, ৫১ পৃষ্ঠার প্রতিবেদনে ১১ এপ্রিলের তাণ্ডবের হোতাদের শনাক্ত করার পাশাপাশি কিছু সুপারিশ পেশ করা হয়। তদন্ত কমিটি প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী ৪৬ জনের সাক্ষাৎকার নেয়। ১৩ এপ্রিল থেকে টানা তিন সপ্তাহ কমিটি তদন্তকাজ চালিয়ে যায়।তদন্ত সূত্র আরও জানায়, ১১ এপ্রিলের তাণ্ডব অনেকটা পরিকল্পিত বলে প্রতীয়মান হয়। ভুজপুর ইউনিয়ন জামায়াতের আমির ও ইউপি চেয়ারম্যান শফিউল আলম নূরীসহ জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা এই হামলার নেতৃত্বে ছিলেন। এর জন্য তাঁরা স্থানীয় মসজিদের মাইক ব্যবহার করে মিথ্যা ঘোষণা দিয়ে এলাকাবাসীকে উত্তেজিত করে তোলেন। তাই জামায়াত-শিবিরের পাশাপাশি স্থানীয় এলাকাবাসীও এই তাণ্ডবে অংশ নেয়।প্রতিবেদনে আরও বলা হয়, ভুজপুর ইউনিয়ন জামায়াতের আমির ও ইউপি চেয়ারম্যান শফিউল আলম নূরী ঘটনার সময় এলাকায় ছিলেন না বলে দাবি করেন। কিন্তু তিনি দলীয় লোকজনকে সংগঠিত করে এই হামলা চালাতে উদ্বুদ্ধ করেন। এলাকায় তাঁর অবস্থান না করার বিষয়টি তদন্ত কমিটির কাছে বিশ্বাসযোগ্য হয়নি। বরং হামলার সময় তিনি স্থানীয় একটি মাদ্রাসায় অবস্থান নেন বলে তদন্ত কমিটি প্রমাণ পেয়েছে।প্রতিবেদনে রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবে মোকাবিলা করতে বলা হয়েছে। তাই এ ধরনের হামলা এড়ানোর জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সুসম্পর্ক রাখতে সুপারিশ করা হয়েছে। পাশাপাশি ভুজপুরের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা পুলিশ, র্যাব ও বিজিবির মধ্যে সমন্বয় বেড়েছে। এটা ধরে রাখতেও সুপারিশ করা হয়েছে।জানতে চাইলে তদন্ত কমিটির সদস্য ও ফটিকছড়ির নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জনা খান মজলিশ প্রথম আলোকে বলেন, ‘প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী ও আসামির দেওয়া তথ্য ও ভিডিও ফুটেজের ভিত্তিতে আমরা প্রতিবেদন তৈরি করে দাখিল করেছি।’এডিএম মোহাম্মদ শহীদুল আলমের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটিতে ফটিকছড়ির ইউএনও অঞ্জনা খান মজলিশ, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোহাম্মদ ফরিদউদ্দিন, ফটিকছড়ির পৌর মেয়র ইসমাইল হোসেন ও সিভিল সার্জনের একজন প্রতিনিধি ছিলেন।দুজন গ্রেপ্তার: ফটিকছড়ির ভুজপুরে হামলা ও খুনের ঘটনায় পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার ভোররাতে ভুজপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি হলেন ইউপি সদস্য মো. জয়নাল ও স্থানীয় যুবক মো. তৌহিদ। দুজনই মামলার এজাহারভুক্ত আসামি। গতকাল বিকেলে আদালতে হাজির করা হলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন প্রথম আলোকে বলেন, ‘তৌহিদ হামলায় সরাসরি অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন। ইউপি সদস্য জয়নালও সরাসরি জড়িত কি না, তা যাচাই করে দেখতে হবে। তবে এজাহারে যেহেতু তাঁদের নাম আছে, তাই আমরা তাঁদের গ্রেপ্তার করেছি।’