জামায়াত-শিবিরকে প্রতিরোধের আহ্বান
গণ-ঐক্য আয়োজিত এক সভায় বক্তারা স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবিরকে প্রতিরোধের আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার জন্য সম্প্রতি ঢাকায় পুলিশের ওপর জামায়াত-শিবির চক্র হামলা চালিয়েছে। রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে গতকাল শুক্রবার ‘জামায়াতের ধ্বংসাত্মক তৎপরতা: যুদ্ধাপরাধীদের বিচারের ভবিষ্যৎ ও গণতন্ত্র’ শীর্ষক এক আলোচনা সভায় এই অভিমত ব্যক্ত করেন বক্তারা।সভায় সভাপতিত্ব করেন গণ-ঐক্যের আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্য। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ, সম্মিলিত সামাজিক আন্দোলনের অজয় রায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর প্রমুখ। বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার যখন শেষের পথে, ঠিক সেই মুহূর্তে জামায়াত-শিবির বেপরোয়া হয়ে উঠেছে। সাম্প্রদায়িক শক্তির এসব ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এসব অপশক্তিকে রুখতে দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি গ্রহণ এবং জামায়াত-শিবিরের রাজনীতিকে নিষিদ্ধ করারও দাবি করেন তাঁরা।