চট্টগ্রামের গণজাগরণ মঞ্চের সমাবেশ থেকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন ছাত্রনেতারা।গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরের জামালখান সড়কের গণজাগরণ মঞ্চে এই সমাবেশের আয়োজন করা হয়। গতকাল বিকেল সাড়ে তিনটা থেকেই বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সমাবেশে আসতে শুরু করেন। বিকেল পাঁচটায় সমাবেশে সমবেতরা একযোগে দাঁড়িয়ে জাতীয় সংগীতের সঙ্গে কণ্ঠ মেলান। পবিত্র কোরআন, গীতা ও ত্রিপিটক পাঠ করার পর শুরু হয় সমাবেশের কার্যক্রম। সমাবেশে চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি রবিউল হোসেন বলেন, জামায়াত ধর্মের নামে মানুষের সঙ্গে মিথ্যা কথা বলে।জেলা ছাত্র মৈত্রীর সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘সব যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।’নগর ছাত্রলীগের নেতা রাকিবুল আলম বলেন, জামায়াত-শিবিরের বিরুদ্ধে লড়াই করার এখনই সময়।সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি আল কাদেরী বলেন, যুদ্ধাপরাধীদের অবশ্যই ফাঁসি দিতে হবে। একই সঙ্গে জামায়াত-শিবিরের রাজনীতিও নিষিদ্ধ করতে হবে।নগর ছাত্র ফেডারেশনের সভাপতি শাশ্বতী তুলি বলেন, ‘আমাদের যুদ্ধ রাজাকার ও তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের বিরুদ্ধে।’আবৃত্তিশিল্পী রাশেদ হাসানের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ রাসেল, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতা তৌহিদ টিপু, জেলা ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক আশিস ভৌমিক, নগর ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক বিজয় বিপ্লব দাশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এস এম আরিফুল ইসলাম প্রমুখ।