সারা দেশে চিরুনি অভিযানের নামে জামায়াত-শিবিরকে রাজপথের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ। তিনি বলেন, সরকার ইসলামি আন্দোলনকে ধ্বংস করতেই এসব ষড়যন্ত্র করছে। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে মুজাহিদ এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, গত এক বছরে নিজেদের সীমাহীন ব্যর্থতা আড়াল করার জন্যই সরকার সারা দেশে জামায়াত-শিবিরবিরোধী অবস্থান নিয়েছে। তিনি সরকারের নানা ধরনের বাধাবিপত্তি, গ্রেপ্তার অভিযান সত্ত্বেও দলের সব কর্মসূচি সফল করায় নেতা-কর্মীদের ধন্যবাদ জানান। সংবাদ সম্মেলনে মুজাহিদ নতুন কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ২ মার্চ বন্দী মুক্তি দিবস, ৪ মার্চ জুলুম-নির্যাতন প্রতিরোধ দিবস এবং ৯ মার্চ মানবাধিকার দিবস। তিনি সারা দেশে শান্তিপূর্ণ সমাবেশ-মিছিল ও আলোচনা সভার মাধ্যমে এসব কর্মসূচি সফল করার জন্য সংগঠনের সব শাখার প্রতি আহ্বান জানান। জামায়াতের সেক্রেটারি জেনারেল মুজাহিদ বলেন, সরকারের মন্ত্রী ও সরকারি দলের নেতারা জামায়াত-শিবিরের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। সারা দেশে সরকারি দল ও তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জামায়াত-শিবিরের ওপর ঝাঁপিয়ে পড়েছে। সারা দেশে এ পর্যন্ত জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সাত শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং ২৪৭ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে মুজাহিদ বলেন, এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দরকার। কিন্তু সেটি না করে সরকার জামায়াত-শিবিরসহ বিরোধী দলকে কঠোর হস্তে দমন করার হুমকি দিচ্ছে। তিনি বলেন, ছাত্রীদের মধ্যে ইসলামী ছাত্রশিবির নামের কোনো সংগঠন নেই। তবে ইসলামী ছাত্রী সংস্থা নামে একটি রুচিশীল, শালীন, স্বতন্ত্র ইসলামী ছাত্রী সংগঠন কাজ করে। এটি আইনানুগ বৈধ ছাত্রী সংগঠন। সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির মকবুল আহমাদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা, এ টি এম আজহারুল ইসলাম, মুজিবুর রহমান ও ঢাকা মহানগর শাখার আমির রফিকুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।