রাজধানীসহ সারা দেশে সাম্প্রতিককালে জামায়াত-শিবিরসহ বিভিন্ন সাম্প্রদায়িক শক্তির নৈরাজ্য মুক্তিযুদ্ধকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার বানচালের পরিকল্পিত ষড়যন্ত্র। তাদের প্রতিহত করতে হবে। নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নিতে হবে।দেশজুড়ে জামায়াত-শিবিরের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে গতকাল শনিবার সেক্টর কমান্ডারস ফোরাম আয়োজিত মানববন্ধনে বক্তারা এ ঘোষণা দেন। রাজধানীর হাইকোর্ট মাজারসংলগ্ন ফটকের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে আয়োজক সংগঠন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন উপস্থিত ছিল।সকাল ১০টা থেকে আয়োজক সংগঠনের বিভিন্ন জেলা ও থানা কমান্ডের নেতা-কর্মীরা হাইকোর্ট মাজারের সামনের ফটকে অবস্থান নিতে শুরু করেন। বেলা ১১টা থেকে শুরু হওয়া মানববন্ধন কর্মসূচিতে একাধিক বক্তা বলেন, বাহাত্তরের সংবিধানে সাম্প্রদায়িক রাজনীতির কোনো স্থান নেই। তাঁরা বলেন, জামায়াত-শিবিরের সাম্প্রদায়িক রাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে হবে। তাদের নিবন্ধন বাতিল করতে হবে। নৈরাজ্য সৃষ্টিকারী অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে বক্তারা সব অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক শক্তির প্রতি আহ্বান জানান।সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান ও পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেন, ‘দীর্ঘ ৪০ বছর পর আমরা যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের আসামির কাঠগড়ায় দাঁড় করাতে পেরেছি। কিন্তু এখন বিচার বানচালের জন্য তারা সারা দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তাদের প্রতিহত করতে হবে।’জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার আরও ত্বরান্বিত করতে হবে, দ্রুত তাঁদের হিসাব চুকিয়ে দিতে হবে। যেসব রাজনৈতিক দল জামায়াত-শিবিরের কর্মকাণ্ডকে উসকে দিচ্ছে, তারাও যুদ্ধাপরাধীদের পক্ষাবলম্বন করছে।’তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, জামায়াত যুদ্ধাপরাধীদের বিচার বন্ধের জন্য প্রকাশ্যে হুমকি দিয়ে আইন লঙ্ঘন করেছে। এ জন্য তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা সরকারকে ভাবতে হবে। জামায়াতকে রাজনৈতিক অঙ্গন থেকে বিতাড়ন করতে এখনই ঐক্যবদ্ধ হতে হবে।দুপুর সাড়ে ১২টার দিকে মানববন্ধন কর্মসূচি শেষ হয়। সমাপনী বক্তব্যে সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব হারুন হাবীব চার দফা ঘোষণাপত্র পাঠ করেন। ঘোষণাপত্রে বলা হয়, মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের বিচার একটি আইনি প্রক্রিয়া। সাম্প্রতিক সময়ে দেশজুড়ে সৃষ্ট নৈরাজ্য এই প্রক্রিয়া বাধাগ্রস্ত করার অপচেষ্টা। যারা বিচার প্রক্রিয়া বাধা দেওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নিতে হবে।মানববন্ধন কর্মসূচিতে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রমুখ। মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক সেনাপ্রধান কে এম সফিউল্লাহ। সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, মুক্তিযুদ্ধ জাদুঘর, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক ও ছাত্রসমাজ, ওয়ার্কার্স পার্টি, যুবমৈত্রী, গণফোরাম, জাসদ, ছাত্রলীগ প্রভৃতি সংগঠন মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে।