বড় ধরনের চোরাগোপ্তা হামলার আশঙ্কায় চট্টগ্রাম মহানগর ও আশপাশের এলাকার বিভিন্ন মেস ও বাসাবাড়িতে জামায়াত-শিবিরের অবস্থান চিহ্নিত করা হচ্ছে। তবে পুলিশের এ কার্যক্রম কিছুটা মন্থর বলে ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা স্বীকার করেছেন। পুলিশ সূত্র জানায়, আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার ক্ষমতায় আসার পর চট্টগ্রাম মহানগর এলাকায় ছাত্রশিবিরের শতাধিক মেস বন্ধ করে দেওয়া হয়। নগরের পাঁচলাইশ, চান্দগাঁও এবং ডবলমুরিং এলাকায় এসব মেসের অবস্থান ছিল। মেস বন্ধ হয়ে যাওয়ার পর অনেকেই স্থান বদল করে বাসাবাড়ি ভাড়া নিয়ে বসবাস করে আসছে। এখন সে ধরনের বাসা চিহ্নিত করার কাজ চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র জানায়, মাঠপর্যায়ে পুলিশ পরিদর্শক ও উপপরিদর্শকেরা ধীরগতিতে বাসা চিহ্নিত করার কাজ করছেন। এতে নগর ও শহরতলিতে জামায়াত-শিবিরের সবগুলো আস্তানা বা অবস্থান সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়নি। ফলে চোরাগোপ্তা হামলা মোকাবিলায় এখনো পুরোপুরি প্রস্তুত হতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আগামী মাসে চোরাগোপ্তা হামলা বেশি হতে পারে বলে পুলিশের কাছে গোয়েন্দা তথ্য আছে। কারণ, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের শীর্ষ কয়েক নেতার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা হতে পারে। জানতে চাইলে পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, ‘আসলে জামায়াত-শিবিরের আস্তানা বা অবস্থান সম্পর্কে মাঠপর্যায়ের পুলিশ থেকে আমরা এখনো বাস্তব চিত্র পাইনি। পুলিশ কেন দেরি করছে, সেটা বোঝা যাচ্ছে না। তবে তাদের বারবার তাগাদা দিয়ে তথ্য দ্রুত পাঠাতে বলা হয়েছে। না হলে সংশ্লিষ্ট পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ মন্থর গতিতে মাঠপর্যায়ের পুলিশের কাজ করার কারণ সম্পর্কে জানতে চাইলে পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, ‘এটা তো দুর্ভাগ্যের ব্যাপার। কারণ, পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কিছু কর্মকর্তা এমনভাবে অনৈতিক কাজ করেছেন, যার শিকার হয়েছে মাঠপর্যায়ের অনেক পুলিশ। ক্ষোভ থেকে হয়তো মাঠপর্যায়ের পুলিশ কাজের গতি কমিয়ে দিয়েছে। কিন্তু এসব মেনে নেওয়া হবে না। নির্দেশ অবশ্যই পালন করতে হবে। না হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’ পুলিশ সূত্র জানায়, নগরের বেশির ভাগ মেস বিলুপ্ত হয়েছে। স্থান বদল করে জামায়াত-শিবির শহরতলি এলাকার কিছু মেসে অবস্থান নিতে পারে। পাশাপাশি তারা নগরের বিভিন্ন বাসায়ও থাকতে পারে। এ ধরনের বাসা ও মেস চিহ্নিত করতে চট্টগ্রাম নগর পুলিশের বিশেষ শাখা ও ১২টি থানার পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। কাজের গতি মন্থর হলেও সময়সীমা বেঁধে দিয়ে তা শেষ করতে তাগাদা দেওয়া হবে। চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘হামলা ও ভাঙচুরের সঙ্গে জড়িত থাকতে পারে এমন রাজনৈতিক নেতা-কর্মীদের চিহ্নিত করতে বিশেষ শাখার পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। আসলে বিভিন্ন মেসে অভিযান চালিয়ে ভাঙচুরের সঙ্গে জড়িত জামায়াত-শিবিরের কাউকে পাওয়া যায়নি। তারা স্থান বদল করে বিভিন্ন বাসাবাড়ি বা শহরতলিতে আশ্রয় নিয়েছে। তাদের আসল অবস্থান চিহ্নিত করতে একটু সময় লাগলেও শেষ তো করতে হবে। সেভাবে মাঠপর্যায়ের পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।’