জামায়াত-শিবিরের কেটে ফেলা সড়কে জনদুর্ভোগ চরমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দশম জাতীয় সংসদ নির্বাচন প্রতিহত করতে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সরেশপুরের এই সড়কটি কেটে ফেলে। সংস্কার না করায় সড়কটি দিয়ে যাতায়াতে ভোগান্তি পোহাচ্ছে মানুষ  প্রথম আলো
দশম জাতীয় সংসদ নির্বাচন প্রতিহত করতে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সরেশপুরের এই সড়কটি কেটে ফেলে। সংস্কার না করায় সড়কটি দিয়ে যাতায়াতে ভোগান্তি পোহাচ্ছে মানুষ প্রথম আলো

দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন দেওয়ার পাশাপাশি সড়ক কেটে ও কালভার্টের স্লাব উপড়ে ফেলেন বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। নির্বাচন শেষ হওয়ার ১৬ দিন পেরিয়ে গেলেও সড়ক ভরাট করা হয়নি। কালভার্টও মেরামত হয়নি। এ অবস্থায় জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটছে।
গতকাল সোমবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, উপজেলার সরশপুর ইউনিয়নের সরশপুর গ্রামে আনুমানিক ১৮ ফুট দীর্ঘ একটি কালভার্টের স্লাব উপড়ে ফেলা হয়। স্লাবের অংশবিশেষ সড়কের পাশে খালে পড়ে আছে। ওই সময় সড়কের দুই দিকে সিএনজিচালিত অটোরিকশা, রিকশা ও বাইসাইকেল দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। একই অবস্থা গ্রামের পশ্চিম অংশেও। সেখানকার একটি কালভার্টের উত্তর অংশের অর্ধেক জায়গার মাটি কাটা হয়েছে। বড় চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের মোড়েও সড়ক কাটা হয়।
এলাকাবাসী জানিয়েছেন, নির্বাচনের দুদিন আগে থেকেই বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা মিলে ওই অপতৎপরতা চালান। একই সঙ্গে ৪ জানুয়ারি রাতে আশপাশের বিভিন্ন বিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ ও আগুন ধরিয়ে দেন।
বড় চাঁদপুর গ্রামের বাসিন্দা আমিন উল্লাহ ও সরশপুর গ্রামের বাসিন্দা ফরিদ উদ্দিন বলেন, এ এলাকায় বিএনপির সমর্থক বেশি। তাঁদের সঙ্গে আশপাশের এলাকার জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা মিলে সড়ক কেটে ফেলেন। কালভার্টও উপড়ে ফেলে।
জানতে চাইলে সরশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সরওয়ার মজুমদার বলেন, ‘কালভার্ট উপড়ে ফেলার বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। পুলিশি হয়রানি থেকে বাঁচার জন্য এবং নির্বাচন প্রতিহত করতেই প্রতিপক্ষরা এমন কাজ করে। আমি কিছু কিছু জায়গায় সড়কে মাটি ভরাট করে দিয়েছি। এ ব্যাপারে থানায় কোনো ধরনের মামলা হয়নি।’