
মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকরের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে দলটির নেতা-কর্মীদের তাণ্ডব চলছেই। গত বৃহস্পতিবার রাতে রায় কার্যকর হওয়ার পর থেকেই এই সহিংসতা শুরু হয়।
গত শুক্রবার ও গতকাল শনিবার ঢাকাসহ ১৫টি জেলায় পুলিশ ফাঁড়ি ও থানায় বোমা হামলা, আওয়ামী লীগের কার্যালয়সহ ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও আগুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সাংসদের বাড়িতে বোমা হামলা, বাসে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কোথাও মিছিল থেকে, আবার কোথাও অতর্কিতে এসব হামলা ও সহিংসতার ঘটনা ঘটে। পুলিশ বলছে, এসব ঘটনায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা জড়িত।
পুলিশ ফাঁড়ি ও থানায় বোমা হামলা: নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় জেলা পরিষদের ডাকবাংলো-সংলগ্ন একটি ভবনে অবস্থিত চাষাঢ়া ও হাজীগঞ্জ পুলিশ ফাঁড়িতে গতকাল বেলা তিনটার দিকে হামলা চালায় জামায়াত-শিবির। তারা প্রথমে ফাঁড়ি দুটির তিন-চারটি গাড়ির কাচ ভাঙচুর করে। পরে তিনটি পেট্রলবোমা ছুড়ে মারে পুলিশ ফাঁড়ি ভবনে। এ সময় ফাঁড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা কনস্টেবল গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু তাঁর রাইফেল থেকে গুলি বের হয়নি। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে দায়িত্ব পালনরত পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কাঁদানে গ্যাসের শেল ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেন। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে।
জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, পেট্রলবোমায় ফাঁড়ির দরজা-জানালা পুড়ে গেছে। তবে পুলিশ সতর্ক থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
গতকাল রাতে মেহেরপুরের গাংনী থানা লক্ষ্য করে বোমা হামলা হয়। বোমাটি থানার ভেতরে পুলিশ কোয়ার্টারের কাছে বিস্ফোরিত হয়। এ ব্যাপারে গাংনী থানার ওসি মাছুদুল আলম জানান, এ ঘটনায় কেউ হতাহত হননি।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা: পাবনা শহরের দিলালপুর মহল্লায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর একটি বাড়িতে গতকাল সকালে পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে। বাড়িটি পাবনার আঞ্চলিক পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ ভাড়া নিয়ে ব্যবহার করছে। হামলায় পাসপোর্ট কার্যালয়ের দ্বিতীয় তলার একটি কম্পিউটারসহ কিছু আসবাব ও কাগজ পুড়ে যায়। পরে স্থানীয় লোকজন ও দমকল বাহিনীর কর্মীরা আগুন নেভান।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পাবনায় থাকাকালে ওই বাড়িতে থাকতেন। তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর আঞ্চলিক পাসপোর্ট অফিসকে বাড়িটি ভাড়া দেন।
সাংসদের বাড়ি লক্ষ্য করে ককটেল: বগুড়ার শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে সাংসদ হাবিবর রহমানের বাড়ি লক্ষ্য করে শুক্রবার রাত সাড়ে আটটায় পর পর দুটি ককটেল হামলা হয়েছে। এ সময় সাংসদ বাড়িতে ছিলেন। তবে কেউ হতাহত হননি। সাংসদ এ ঘটনার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করলেও উপজেলা জামায়াতের সেক্রেটারি দবিবুর রহমান তা অস্বীকার করেছেন।
যানবাহনে আগুন: ঝালকাঠিতে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় জামায়াত-শিবির। গতকাল সন্ধ্যার পর শহরের বিশ্বরোডে সরকারি শিশু পরিবারের সামনে হরতালের সমর্থনে মিছিল করে বাসটিতে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। যাত্রীবাহী বিআরটিসির বাসটি বরিশাল থেকে বরগুনার কাকচিড়া যাওয়ার পথে এ ঘটনা ঘটে। বাসের চালক রুহুল আমিন জানান, জামায়াত-শিবিরের ৪০-৫০ জন লোক স্লোগান দিয়ে বাসটির গতি রোধ করে ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। তাড়াহুড়ো করে নামতে গিয়ে বাসের চালকসসহ চারজন যাত্রী আহত হন। আহত ব্যক্তিদের ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝালকাঠি থানার ওসি শিলমণি চাকমা বলেন, পুলিশের সহায়তায় দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গোরস্থান বাজার মোড়ে গতকাল বেলা ১১টার দিকে বুড়িমারী স্থলবন্দরগামী একটি খালি ট্রাক আগুনে পুড়িয়ে দেওয়া হয়। মারধর করা হয় ট্রাকচালক সেলিম হোসেনকে। এ ঘটনায় লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ, বিজিবিসহ দমকল বাহিনীর কর্মীরা গিয়ে আগুন নেভান ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরের পুরাতন বাজারে শুক্রবার রাতে একটি সিমেন্ট কোম্পানির কাভার্ড ভ্যানে আগুন দেন জামায়াত-শিবিরের কর্মীরা।
চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট এলাকায় বাবুরহাট ফিলিং স্টেশনের সামনে থেমে থাকা জৈনপুরি এক্সপ্রেসের একটি বাসে শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে অগ্নিসংযোগ করা হয়। মতলব-ঢাকা পথের ওই বাসটির কর্মচারী মো. ইমন জানান, তিনি বাসের ভেতর ঘুমিয়ে ছিলেন। হঠাৎ আগুনের তাপ অনুভব করে জেগে উঠে দেখেন, বাসের ভেতরে আগুন জ্বলছে। তিনি দ্রুত জানালা দিয়ে বের হয়ে যান। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনলেও বাসের ভেতরের অংশ সম্পূর্ণ পুড়ে যায়।
কচুয়া থানার ওসি আলমগীর হোসেন মজুমদার জানান, ঢাকা থেকে সুরমা পরিবহনের একটি বাস কচুয়া যাচ্ছিল। শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে কচুয়া-সাচার সড়কের মনপুরা এলাকায় বাসটিতে আগুন দেয় জামায়াত-শিবির। বাসে কোনো যাত্রী ছিলেন না। কেউ হতাহত হননি। চাঁদপুরের বিভিন্ন স্থান থেকে বিএনপি-শিবিরের চারজন কর্মী আটক হয়েছেন।
আ.লীগের কার্যালয়ে ভাঙচুর, আগুন: বাগেরহাটের কচুয়া উপজেলার শাঁখারীকাঠি বাজারে গতকাল ভোররাতে ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়সহ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেয় জামায়াত-শিবির। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। আগুনে আওয়ামী লীগের কার্যালয় ছাড়াও নিলু শেখের মুদি দোকান, সাঈদ নকিবের হোমিওপ্যাথ চিকিৎ সাকেন্দ্র ও সুমন শেখের কীটনাশকের দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায়ও আওয়ামী লীগের কার্যালয় ও সংখ্যালঘুদের দোকানপাটে তাণ্ডব চালায় জামায়াত-শিবির। উপজেলার নাওডাংগা ইউনিয়নের নাওডাংগা বাজারে গতকাল সকালে আওয়ামী লীগের ইউনিয়ন কার্যালয়সহ ১০টি দোকান ভাঙচুর করে তারা। এর মধ্যে সাতটি দোকানই সংখ্যালঘু সম্প্রদায়ের। একই ইউনিয়নের বালাহাট বাজারে শুক্রবার রাত সাড়ে আটটায় হামলা চালায় জামায়াত-শিবির। তারা বাজারের বিদ্যুৎ -সংযোগ বিচ্ছিন্ন করে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়সহ ১৩টি দোকান ভাঙচুর করে।
মিছিল থেকে ককটেল ও পেট্রলবোমা: আজকের হরতালের সমর্থনে মিছিল করার সময় গতকাল সন্ধ্যায় সিলেট নগরের ছয়টি স্থানে একযোগে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে জামায়াত-শিবির। এ সময় নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নগরের রিকাবীবাজার, শাহী ঈদগাহ, কাজিটুলা, নয়াসড়ক, মদিনা মার্কেট ও জিন্দাবাজার এলাকায় সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে পৌনে সাতটার মধ্যে ককটেল বিস্ফোরণ হয়। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎ পর হলে প্রায় আধা ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ আয়ুব জানান, কাজিটুলা এলাকা থেকে পুলিশ জামায়াতের দুই কর্মীকে আটক করেছে।
কুমিল্লা ও সাতক্ষীরা শহরে হরতালের সমর্থনে শিবিরের ঝটিকা মিছিল থেকে মোট ১৩টি ককটেল ফাটানো হয়। কুমিল্লায় শিবিরের এক কর্মী আটক হয়েছেন। কুষ্টিয়া শহরে জামায়াত-শিবিরের মিছিল থেকে নয়জনকে আটক করে পুলিশ।
ফরিদপুর শহরের জুয়েলারি বাজার হিসেবে খ্যাত নিলটুলী এলাকার মুজিব সড়কে গতকাল সন্ধ্যায় দুটি পেট্রলবোমা বিস্ফোরিত হয়। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ সময় পুলিশ তরিকুল ইসলাম (২৫) নামের শিবিরের এক কর্মীকে আটক করেছে। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসীনুল হক বলেন, শিবিরের কর্মী তরিকুল সরকারি রাজেন্দ্র কলেজের হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।
রাজধানীর মগবাজার এলাকায় গতকাল দুপুরে ঝটিকা মিছিল বের করে কয়েকটি যানবাহন ভাঙচুর করেছেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় তাঁরা কয়েকটি ককটেল বিস্ফোরণও ঘটান।
স্থানীয় সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে মগবাজার চৌরাস্তা এলাকায় ছাত্রশিবিরের অন্তত ৫০ জন কর্মী ঝটিকা মিছিল বের করেন। কিছুক্ষণ পর তাঁরা অন্তত দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দুটি গাড়ি লক্ষ্য করে ইট ছুড়ে মারেন। এতে গাড়ি দুটির কাচ ভেঙে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই মিছিলকারীরা পালিয়ে যান।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান প্রথম আলোকে বলেন, ভাঙচুরের শিকার হওয়া একটি গাড়ি বেসরকারি টেলিভিশন বৈশাখীর ছিল।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা]