জামায়াত-শিবিরের তাণ্ডব ঠেকাতে মাঠে নেই আ.লীগ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শহরে জামায়াত-শিবিরের তাণ্ডব প্রতিরোধে ভূমিকা রাখতে পারছে না আওয়ামী লীগ; বরং জামায়াত-শিবিরের হামলার ভয়ে স্থানীয় অনেক নেতা-কর্মী গা ঢাকা দিয়েছেন। ইতিমধ্যে আওয়ামী লীগের কয়েকজন নেতার বাড়ি পুড়িয়ে দিয়েছে জামায়াত-শিবির। নেতৃত্বের অভাব ও নেতা-কর্মীদের মধ্যে মতবিরোধের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
এর কারণ অনুসন্ধানে জানা গেছে, উপজেলার মেরিরহাট সিনিয়র দাখিল মাদ্রাসার সুপার নজরুল ইসলাম গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসন থেকে জামায়াতের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাঁর বাড়ি পলাশবাড়ী উপজেলা শহরে হওয়ায় তিনি জামায়াতকে সংগঠিত করেছেন। পক্ষান্তরে পাঁচ বছর ক্ষমতায় থেকেও সাংগঠনিক ভিত্তি শক্ত করতে পারেনি স্থানীয় আওয়ামী লীগ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী বলেন, নেতৃত্বের অভাবে নেতা-কর্মীরা দ্বিধাবিভক্ত। অনেক নেতা-কর্মী নানা তদবির নিয়ে ব্যস্ত থাকেন। ফলে জামায়াত-শিবিরের বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলতে দলীয় নেতা-কর্মীরা সংগঠিত হতে পারছেন না।
এদিকে ক্ষমতাসীন দলের সাংগঠনিক দুর্বলতার সুযোগ নিয়ে পলাশবাড়ী শহরে বেপরোয়া হয়ে উঠেছে জামায়াত-শিবির। প্রতিটি হরতাল-অবরোধে তারা পলাশবাড়ী উপজেলা শহরে যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ, গাছ কেটে অবরোধ সৃষ্টিসহ তাণ্ডব চালাচ্ছে। ১০ ডিসেম্বর পলাশবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা মোকছেদ চৌধুরীর বাড়ি, তাঁর একটি সরকারি পাজেরোসহ দুটি গাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেনের বাড়ি, সহসভাপতি সাইফুলার রহমানের বাড়ি, সাংগঠনিক সম্পাদক আবদুল মতিনের ভাই কাজল মিয়ার মাছের হ্যাচারি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তৌহিদুল ইসলামের বাড়ি এবং উপজেলা জাসদের সভাপতি সাংবাদিক নুরুজ্জামান প্রধানের বাড়িঘর পুড়িয়ে দেয় জামায়াত-শিবির। ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা।
জানতে চাইলে মোকছেদ চৌধুরী বলেন, গাইবান্ধা-৩ আসনে ত্যাগী নেতাকে বাদ দিয়ে ইউনুসকে দলীয় মনোনয়ন দেওয়ায় নেতা-কর্মীরা হতাশ হয়ে সাংগঠনিক কর্মকাণ্ডে আগ্রহ হারিয়ে ফেলেছেন। ফলে জামায়াত-শিবির প্রতিরোধে তাঁদের সাড়া মিলছে না।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর প্রধান বলেন, নেতৃত্বের অভাব—অভিযোগটি সঠিক নয়। মূলত পলাশবাড়ী শহরের বিটিসি মোড় গাইবান্ধার সাদুল্যাপুর, রংপুরের পীরগঞ্জ, দিনাজপুরের ঘোড়াঘাটের সীমানা। এ মোড়ের আশপাশের গ্রামগুলো জামায়াত-অধ্যুষিত। এ ছাড়া ঢাকা-রংপুর মহাসড়ক ধরে রংপুরসহ উত্তরাঞ্চলের সাত জেলার লোকজনকে ঢাকায় যেতে হলে পলাশবাড়ী দিয়ে যেতে হয়। এসব কারণে জামায়াত-শিবির পলাশবাড়ী শহরকে আন্দোলনের মূল ঘাঁটি হিসেবে বেছে নিয়েছে। এখানে জামায়াত-শিবির বেপরোয়া।
অপরদিকে আওয়ামী লীগের শক্ত অবস্থানের কারণে পলাশবাড়ীর পাশের গোবিন্দগঞ্জ শহরে স্থানীয় জামায়াত-শিবির মিছিল বের করতে পারছে না। বের করলেও পুলিশের আগে আওয়ামী লীগই প্রতিরোধ করছে। এ ছাড়া জামায়াতের ঘাঁটি বলে পরিচিত সুন্দরগঞ্জে নির্বাচনী ইস্যুতে তেমন কোনো ভূমিকা নেই জামায়াত-শিবিরের। গত ২৮ ফেব্রুয়ারি জামায়াত-শিবিরের সহিংসতায় ৩২টি মামলায় প্রায় ৬০ হাজার আসামি হওয়ায় জামায়াত-শিবিরের নেতারা পলাতক রয়েছেন।