জামায়াত-শিবিরের তাণ্ডবে প্রতিবাদমুখর চট্টগ্রাম
জামায়াত-শিবিরের দেশব্যাপী তাণ্ডব, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে গতকাল শনিবার চট্টগ্রামে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন মিছিল সমাবেশ করেছে। চট্টগ্রাম প্রেসক্লাব ভবন ও গণজাগরণ মঞ্চে হামলার ঘটনায় দুপুরে প্রেসক্লাব চত্বরে সমাবেশ করেছেন সাংবাদিকেরা। এ ছাড়া ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ‘সুপ্রভাত সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি সেন্টারসহ বিভিন্ন সংগঠন তাণ্ডবের প্রতিবাদে সমাবেশ, মানববন্ধন ও মিছিল করেছে। প্রতিটি সভা সমাবেশ থেকে উগ্রবাদী জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি তোলা হয়। বিএমএর সমাবেশ থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইবনে সিনা, বায়ো ফার্মার সব ওষুধ নিষিদ্ধ করা হয়েছে। সমাবেশে বক্তারা বলেছেন, ‘যুদ্ধাপরাধীদের বাঁচাতে জামায়াত-শিবির এখন সহিংসতার পথ বেছে নিয়েছে। তারা আমাদের পতাকা ও শহীদ মিনারে আক্রমণ করতেও ছাড়েনি। তাদের এখন প্রতিরোধ করতে হবে।’ সমাবেশে প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস বলেন, স্বাধীনতাবিরোধী চক্র এ হামলা করেছে। চট্টগ্রাম প্রেসক্লাব মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। এখন তাদের প্রতিরোধ করার সময় এসেছে। সমাবেশে সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল আলম বলেন, জামায়াত-শিবির ও মৌলবাদী গোষ্ঠী প্রেসক্লাব ও সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে। যে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম প্রেসক্লাবে আসার সম্মতি জানিয়েছেন, সেই মুহূর্তে মৌলবাদী ও ধর্মান্ধ গোষ্ঠী এ ধরনের ন্যক্কারজনক হামলা চালিয়েছে।প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী বলেন, তৌহিদি জনতার নামে স্বাধীনতাবিরোধী চক্র এ হামলার মাধ্যমে দুঃসাহস দেখিয়েছে। এ হামলায় সাংবাদিকদের জীবন ঝুঁকিপূর্ণ করে তুলেছে। সিইউজের যুগ্ম সম্পাদক ম শামসুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, বর্তমান যুগ্ম সম্পাদক কাজী মহসিন, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার, বিএফইউজের নেতা আসিফ সিরাজ, মোস্তাক আহমেদ প্রমুখ। সাংবাদিকদের এই সমাবেশে বিভিন্ন সংগঠন ও রাজনীতিকেরা সংহতি জানান। এদিকে, সকালে প্রেসক্লাবের সামনে সাংবাদিক ও প্রেসক্লাবে হামলার প্রতিবাদ ও যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে ‘সুপ্রভাত সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি সেন্টার’ নামের একটি সংগঠন। এদিকে চমেক হাসপাতালে জামায়াতপন্থী ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান বায়ো ফার্মা ও ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওষুধ নিষিদ্ধ করেছে বিএমএ। গতকাল শনিবার এক সমাবেশ ও মিছিল থেকে এই ঘোষণা দেওয়া হয়। বিএমএ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও চমেক ছাত্র সংসদ এই সমাবেশের আয়োজন করে। চমেক ক্যাম্পাসে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেছেন, ইবনে সিনা, বায়ো ফার্মাসহ জামায়াতের কোনো ওষুধ কোম্পানি এখানে ঢুকতে পারবে না। সমাবেশে বিএমএর সভাপতি মুজিবুল হক খান, যুগ্ম সম্পাদক ফয়সাল ইকবাল, বিএমএর কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন মাহমুদ, মনোয়ারুল হক প্রমুখ বক্তব্য দেন।