জামায়াত-শিবিরের তাণ্ডবের বলি ১০৯ স্কুলে সংস্কার হয়নি
জামায়াত-শিবিরের তাণ্ডবে গাইবান্ধায় ক্ষতিগ্রস্ত ১০৯টি শিক্ষাপ্রতিষ্ঠান এখনো সংস্কার করা হয়নি। ফলে ওই সব প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। অনেক প্রতিষ্ঠানে খোলা আকাশের নিচে পাঠদান চলছে।
জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন ও তার আগের দিন ৪ জানুয়ারি রাতে জামায়াত-শিবিরের তাণ্ডবে গাইবান্ধার পাঁচটি উপজেলার ১০৯টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে মাধ্যমিক বিদ্যালয় ২৬টি ও সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ৮৩টি। বেশির ভাগ বিদ্যালয়ে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করা হয়।
২৫ ও ২৬ জানুয়ারি কয়েকটি বিদ্যালয় ঘুরে শিক্ষার্থীদের দুর্ভোগের চিত্র দেখা গেল। জামায়াত-শিবিরের তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বিশ্রামগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। পলাশবাড়ী উপজেলার মহদিপুর ইউনিয়নের এই বিদ্যালয়টিতে ৪ ও ৫ জানুয়ারি দুই দফায় ব্যাপক তাণ্ডব চালানো হয়। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুয়ারা বেগম বলেন, ভোটকেন্দ্র হওয়ায় দুর্বৃত্তরা বিদ্যালয়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয়। মোট ২৫ জোড়া বেঞ্চের মধ্যে ২২ জোড়াই পুড়ে গেছে। এ ছাড়া পাঁচটি চেয়ার, তিনটি টেবিল, সব দরজা-জানালা ও দুটি আলমারি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় তারা। মনজুয়ারা আরও বলেন, এমনিতেই চার কক্ষবিশিষ্ট বিদ্যালয় ভবনে বেঞ্চের অভাবে লেখাপড়া ব্যাহত হচ্ছিল। তার ওপর এই তাণ্ডব। এখন খোলা মাঠে চট বিছিয়ে প্রায় ২৫০ ছাত্রছাত্রীকে পাঠদান করা হচ্ছে। এতে শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট হচ্ছে।
৪ জানুয়ারি রাতে সাদুল্যাপুর উপজেলার হিংগারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে ওই কক্ষের দরজা-জানালা, ছয় জোড়া চেয়ার, তিন জোড়া টেবিল, তিনটি আলমারি, একটি হারমনিয়াম, দুটি তবলা পুড়ে যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, ‘অনেক মূল্যবান কাগজপত্র পুড়ে যাওয়া বিপাকে পড়েছি।’ এদিকে এই ঘটনার সময় বিদ্যালয়-সংলগ্ন হিংগারপাড়া বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের অফিসকক্ষের দরজা-জানালা ও একটি আলমারি পুড়ে যায়।
সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা মনমোহনী স্কুল অ্যান্ড কলেজের ১৫০ ফুট দৈর্ঘ্যের টিনের চালা জ্বালিয়ে দেওয়া হয়। ৪ জানুয়ারি গভীর রাতে কলেজের অফিস ও শ্রেণীকক্ষে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় জামায়াত-শিবির। কলেজটির অধ্যক্ষ আবদুল লতিফ বলেন, এতে ৫০ জোড়া বেঞ্চ, ছয়টি টেবিল, ২৫ জোড়া চেয়ার, চারটি আলমারিসহ প্রায় নয় লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়। ফলে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিষয়টি জেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। কিন্তু ঘটনার তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সংস্কারের জন্য কোনো বরাদ্দ পাওয়া যায়নি। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাহার আলী বলেন, ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো সংস্কারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন জানানো হয়েছে। সেখান থেকে বরাদ্দ না পাওয়ায় এগুলো মেরামত করা যাচ্ছে না। একই কথা বলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম।
একতরফা নির্বাচনের জন্য তো শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দায়ী নয়, তাহলে সেগুলো ভাঙচুর, অগ্নিসংযোগ করার কারণ কী—জানতে চাইলে সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সোলায়মান বলেন, ‘নির্বাচন ঠেকানোর আন্দোলনের সুযোগ নিয়ে দুর্বৃত্তরা শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। অথচ জামায়াত-শিবিরের ওপর দোষ চাপানো হচ্ছে।’
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের নবনির্বাচিত সাংসদ মনজুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ২৫ জানুয়ারি প্রধানমন্ত্রী গাইবান্ধায় এলে তাঁকে বিষয়গুলো জানানো হয়। প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত এসব শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।