জামায়াত-শিবিরের তাণ্ডবের বিচার হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সারা দেশে বিএনপি ও জামায়াত-শিবির যে হত্যাযজ্ঞ চালিয়েছে, তা ভাষায় প্রকাশ করা যায় না। এসব তাণ্ডবের বিচার হবে। গতকাল বুধবার দুপুরে সাতকানিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে সৈয়দ আশরাফ এ কথা বলেন।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সভাপতি এম এ সাঈদের সভাপতিত্বে কর্মিসভায় আরও বক্তৃতা করেন দলের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া, সদস্য আমিনুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক সাংসদ চেমন আরা তৈয়ব ও হাসিনা মান্নান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুচ ছালাম, দলের উত্তর জেলার সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মোছলেম উদ্দিন প্রমুখ। সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এই সাতকানিয়ায় জামায়াতের সাংসদ আছে বলে পুরো দেশ কি জামায়াতের? এই সাতকানিয়া জামায়াতকে ইজারা দেওয়া হয়নি। সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সবাইকে সজাগ থাকতে হবে। স্থানীয় সরকার মন্ত্রী আরও বলেন, সংখ্যালঘুদের ঘরবাড়ি জ্বালিয়ে ভয় দেখানো যাবে না। সহিংসতা যারা করেছে, তাদের আইনের আওতায় আনা হবে। আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের চেয়ে আওয়ামী লীগ অনেক শক্তিশালী। কর্মী সমাবেশে বক্তৃতা করার আগে মন্ত্রী গত ২৮ ফেব্রুয়ারি জামায়াত-শিবিরের তাণ্ডবের শিকার উপজেলার চরতী ইউনিয়নের সুইপুরায় অবস্থিত রূপনগর সুদর্শন বৌদ্ধবিহার পরিদর্শন করেন। কর্মিসভা শেষে মন্ত্রী সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়নের আলুরঘাট এলাকায় ডলু নদীর ওপর এক কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।