জামায়াত-শিবিরের তিনজন নিহত
সাতক্ষীরার দেবহাটা এবং ঝিনাইদহের কোটচাঁদপুরে গত শনিবার রাতে যৌথ বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জামায়াত-শিবিরের তিন নেতা-কর্মী নিহত হয়েছেন। তবে নিহত ব্যক্তিদের পরিবার দাবি করেছে, আটকের পর তাঁদের গুলি করে হত্যা করেছে পুলিশ।
দেবহাটায় নিহত হয়েছেন উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আবুল কালাম (২১) ও জামায়াতের কর্মী মারুফ হোসেন ওরফে ছোট (২৫)। আর কোটচাঁদপুরে নিহত হয়েছেন উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক স্কুলশিক্ষক এনামুল হক (৪৫)।
সাতক্ষীরায় নিহত দুই: দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাসের ভাষ্য অনুযায়ী, আবুল কালাম ও মারুফ হোসেনকে শনিবার সন্ধ্যায় উপজেলার কুলিয়া গ্রাম থেকে আটক করা হয়। রাতে তাঁদের নিয়ে অস্ত্র উদ্ধারের অভিযানে নামে যৌথ বাহিনী। বিভিন্ন এলাকায় অভিযানের পর ভোর সাড়ে পাঁচটার দিকে তাঁদের নিয়ে উপজেলার নারকেলি গ্রামে পৌঁছালে জামায়াত-শিবিরের শতাধিক কর্মী যৌথ বাহিনীর ওপর হামলা চালান। তাঁরা গুলি ও বোমা ছুড়ে আটক দুজনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় আত্মরক্ষার্থে যৌথ বাহিনীও পাল্টা গুলি ছোড়ে। বন্দুকযুদ্ধের মধ্যে পড়ে আবুল কালাম ও মারুফ হোসেন গুলিবিদ্ধ হন। তাঁদের সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
বন্দুকযুদ্ধের সময় পুলিশের এক উপপরিদর্শকসহ (এসআই) তপন সিনহা ও কনস্টেবল আবদুস সোবহান সদস্য আহত হন বলে জানান ওসি তারক বিশ্বাস।
নিহত আবুল কালাম দেবহাটার কুলিয়া গ্রামের আকবর আলীর ছেলে ও উপজেলা শিবিরের সেক্রেটারি। মারুফ একই গ্রামের আশরাফুল হকের ছেলে। তিনি জামায়াতের কর্মী ছিলেন।
নিহত আবুল কালামের বোন ঝরনা খাতুন জানান, তাঁর ভাই সাতক্ষীরা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তাঁর কাছে অস্ত্র রয়েছে অভিযোগে গত শুক্রবার রাতে পুলিশ তাঁকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। এরপর ভোরে তাঁরা জানতে পারেন বন্দুকযুদ্ধে তাঁর ভাই মারা গেছেন।
নিহত মারুফের শ্বশুর সাতক্ষীরা সদর উপজেলার বকচরা গ্রামের মো. হোসেন আলী জানান, তাঁর জামাই শুক্রবার সন্ধ্যায় তাঁদের বাড়িতে আসেন। রাতে পুলিশ তাঁর বাড়িতে গেলে মারুফ পালিয়ে যান। পরে শিমুলবাড়িয়া এলাকা থেকে পুলিশ তাঁকে আটক করে।
ওসি তারক বিশ্বাস জানান, আবুল কালামের বিরুদ্ধে গত ২১ নভেম্বর দেবহাটা উপজেলা আওয়ামী লীগের নেতা আবু রায়হান হত্যা মামলাসহ ১০টি মামলা রয়েছে। মারুফ হোসেনের বিরুদ্ধে একই হত্যা মামলাসহ নয়টি মামলা রয়েছে।
কোটচাঁদপুরে নিহত জামায়াত নেতা: কোটচাঁদপুর থানার ওসি শাহজাহান আলী খানের ভাষ্য অনুযায়ী, উপজেলার নওদাপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে গভীর রাতে একদল সন্ত্রাসী গোপন বৈঠক করছিল—এমন খবর পেয়ে রাত দেড়টার দিকে অভিযান শুরু করে যৌথ বাহিনী। এ সময় যৌথ বাহিনীকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ও বোমা ছোড়ে। যৌথ বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালান। উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের একপর্যায়ে এনামুল হক নামের একজন গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় তাঁকে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ওসি আরও জানান, বন্দুকযুদ্ধের সময় পুলিশের এসআই মুক্তার হোসেন ও মিজানুর রহমান এবং কনস্টেবল জয়দেব বিশ্বাস আহত হন। নিহত এনামুলের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগসহ বিভিন্ন অভিযোগে কয়েকটি মামলা রয়েছে।
এনামুল হক উপজেলার বলরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও চাঁদপাড়া গ্রামের আবদুল মালেক বিশ্বাসের ছেলে।
এনামুলের ছোট ভাই আমিরুল ইসলাম অভিযোগ করেন, শনিবার বিকেলে উপজেলা পরিষদ থেকে তাঁর ভাইকে আটক করে পুলিশ। পরে রাতেই খবর পান, তাঁর ভাইকে হত্যা করা হয়েছে। বলা হচ্ছে ক্রসফায়ারে মারা গেছেন।
নিহত ব্যক্তির বাবা আবদুল মালেক বলেন, তাঁর ছেলেকে সন্ত্রাসীদের মতো গুলি করে হত্যা করা হয়েছে।
কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির তাজুল ইসলাম বলেন, এনামুল উপজেলা জামায়াতের অর্থবিষয়ক সম্পাদক ছিলেন। শনিবার বিকেলে উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে থেকে সাদাপোশাকের পুলিশ তাঁকে আটক করে নিয়ে যায়। পরে রাতে তাঁকে হত্যা করা হয়েছে।
জামায়াত নেতা নিহত হওয়ার প্রতিবাদে আজ সোমবার ঝিনাইদহের কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলায় আধা বেলা হরতালের ডাক দিয়েছে ১৯-দলীয় জোট। কোটচাঁদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির তাজুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ হরতালের ডাক দেন।