পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মুশফিকুর রহমানকে কুপিয়ে জখম করার ঘটনায় জামায়াত ও শিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের পাশের গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার দোগাছি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য ও জামায়াতের কর্মী ওয়ারেস আলী (৪৩) এবং রাজাপুর গ্রামের বাসিন্দা ও ছাত্রশিবিরের কর্মী আতাউর রহমান (৩২)।
মামলার তদন্ত কর্মকর্তা ও পাবনা সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম জানান, গ্রেপ্তার ব্যক্তিরা জামায়াত-শিবিরের সক্রিয় কর্মী। তাঁদের বিরুদ্ধে হরতাল-অবরোধে নাশকতা সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগে কয়েকটি মামলা রয়েছে। সোমবার রাত সাড়ে আটটার দিকে নিজ গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে আহত শিক্ষক মুশফিকুর রহমানসহ কয়েকজন শিক্ষক এসে তাঁদের হামলার ঘটনার সঙ্গে জড়িত বলে শনাক্ত করেন।
এসআই আবদুস সালাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা খুবই ধূর্ত প্রকৃতির। তাঁরা একেক সময় একেক ধরনের কথা বলছেন। সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম বলেন, গতকাল মঙ্গলবার তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।
গত বুধবার বিকেলে ক্যাম্পাসের প্রধান ফটকে একদল সন্ত্রাসী তাঁকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। এ ঘটনায় মামলা হয়েছে।