জামায়াত-শিবিরের দুই মিনিটের মিছিলে তিনটি ককটেল বিস্ফোরণ
রাজশাহীতে গতকাল রোববার জামায়াত-শিবিরের দুই মিনিটের একটি ঝটিকা মিছিল হয়েছে। মিছিল শেষে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে বিভিন্ন গলিতে ঢুকে পড়ে তারা। ঘটনার পরপরই পুলিশ এসে কাউকে খুঁজে পায়নি। পরে সন্দেহজনক চলাফেরা দেখে দুই ব্যক্তিকে আটক করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে রাজশাহী নগরের রানীনগর এলাকা থেকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। তাঁদের হাতে ছিল ইটের টুকরা। তাঁরা স্লোগান দিয়ে মিছিল নিয়ে প্রায় দুই মিনিটের মধ্যে নগরের অলকার মোড়ে এসে তিনটি গলিপথে ঢুকে যান। তাঁদের যাওয়ার সময় তিনটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এ সময় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই পুলিশ চলে আসে, কিন্তু তারা কাউকে আটক করতে পারেনি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই তাঁরা গলিপথের মধ্যে ঢুকে যান। ঘটনার পর থেকে ওই মোড়ে পুলিশ অবস্থান নিয়েছে। পাশে পুলিশ ভ্যান প্রস্তুত রাখা হয়েছে। নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, আতঙ্ক সৃষ্টি করার জন্য তাঁরা চোরাগোপ্তা মিছিল বের করেছিলেন। পুলিশ যাওয়ার আগেই তাঁরা পালিয়ে গেছেন। পরে সন্দেহজনক দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁরা জামায়াত-শিবিরের সঙ্গে জড়িত কি না তা যাচাই করার জন্য জিজ্ঞাসাবাদ করা হবে।