জামায়াত-শিবিরের দুই সদস্যের জামিন, আটজন রিমান্ডে
রাজধানীর শ্যামপুরে নাশকতা ও বিশৃঙ্খলার সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার হওয়া জামায়াতে ইসলামীর দুই সদস্যকে জামিন দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম শামীমা পারভীন এঁদের জামিন আবেদন মঞ্জুর করেন। একই আদালত শাহবাগ থানায় গ্রেপ্তার হওয়া ২১ জনের মধ্যে আটজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্য ১৩ জনকেও ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। আজ মঙ্গলবার ১৩ জনের উপস্থিতিতে তা শুনানির জন্য ধার্য করেছেন আদালত।জামিনপ্রাপ্তরা হলেন সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার কার্যালয়ের নিম্নমান সহকারী সাইদুল ইসলাম ও ইসলামী ব্যাংকের সদরঘাট শাখার কর্মকর্তা মোহাম্মদ আবদুল হামিদ। সহকারী উপপরিদর্শক (এএসআই) কামাল মৃধা প্রথম আলোকে বলেন, রাষ্ট্রপক্ষ আসামিদের জামিনের বিরোধিতা করেছে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর ভারত সফর, বাংলাদেশ-ভারত চুক্তি ও যৌথ ঘোষণা জনগণ মানে না—বাংলাদেশ জামায়াতে ইসলামী।’ এই লেখাসংবলিত ১৭টি বইসহ তাঁদের আটক করে র্যাব-১০। আসামিরা চাকরিজীবী হওয়ায় নিজ নিজ প্রতিষ্ঠানের কর্মকর্তার জিম্মায় ১০ হাজার টাকার মুচলেকায় আদালত তাঁদের জামিন দেন।শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুজ্জামান আদালতে দেওয়া প্রতিবেদনে বলেন, আসামি দুজনকে গত রোববার রাতে জুরাইনের আদি বনফুল মিষ্টির দোকানের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামায়াতে ইসলামীর সদস্য বলে স্বীকার করেন তাঁরা। দেশে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করার সন্দেহে তাঁদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটক করা হয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আসামিপক্ষের আইনজীবী আবদুর রাজ্জাক জামিনের আবেদনে বলেন, পুলিশ সন্দেহ করে গ্রেপ্তার করেছে। তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। আসামিদের জামিনে মুক্তি দিলে পালানোর সম্ভাবনা নেই। পৃথক একটি আদালত মিরপুর মডেল থানায় গ্রেপ্তার হওয়া ছয়জন এবং দারুস সালাম থানার চারজনের জামিনের আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন মহানগর হাকিম মুমিনুল হাসান।শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) নাসিম উদ্দিন আদালতে দেওয়া প্রতিবেদনে বলেন, আসামিরা নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনের সঙ্গে মিলে দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টির চেষ্টা করছেন। আসামিরা জামায়াত-শিবিরের সদস্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী হত্যার সন্দেহভাজন আসামি হিসেবে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাঁদের আটক করা হয়েছে। আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আদালত আটজনের রিমান্ড মঞ্জুর করেন। অন্য ১৩ জনের উপস্থিতিতে আজ শুনানির দিন ধার্য করা হয়েছে।