জামায়াত-শিবিরের নেতা কর্মীদের ধরিয়ে দিতে পোস্টার, পুরস্কার ঘোষণা
নারায়ণগঞ্জে পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জামায়াত-শিবিরের ৪২ জন নেতা-কর্মীকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করে শহরে পোস্টার লাগিয়েছে পুলিশ। গতকাল সোমবার সকালে শহরের বিভিন্ন স্থানে ছবি-সংবলিত ওই পোস্টার দেখা গেছে।সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, গত ১৯ নভেম্বর পুলিশের ওপর জামায়াত-শিবিরের হামলার ঘটনায় জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মাইন উদ্দিন আহমদসহ ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মিছিলের ভিডিও ফুটেজ ও ছবি দেখে অনেককে চিহ্নিত করা হলেও তাঁদের পরিচয় শনাক্ত করা যায়নি। এ কারণে শহরের বিভিন্ন স্থানে হামলাকারী জামায়াত-শিবিরের ৪২ জনের ছবি-সংবলিত পোস্টার লাগানো হয়েছে। ওই ৪২ জনকে ধরিয়ে দেওয়া এবং তাঁদের পরিচয় ও তথ্য সদর মডেল থানার পুলিশকে জানাতে পুরস্কার ঘোষণা করা হয়েছে। তথ্যদাতাদের নাম-পরিচয় গোপন রাখা হবে।