পাবনায় গত শনিবার জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় তিনটি মামলা হয়েছে। গতকাল রোববার সদর থানায় করা এসব মামলায় ৯৯ জনের নাম উল্লেখসহ তিন হাজার ব্যক্তিকে আসামি করা হয়।পাবনা সদর থানা সূত্রে জানা গেছে, প্রতিটি মামলায় জেলা ও সদর উপজেলা জামায়াতের আমির, সেক্রেটারি এবং শিবিরের জেলা ও সদর উপজেলার সভাপতি-সেক্রেটারিসহ ৯৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে সংঘর্ষের সময় ঘটনাস্থল ও আশপাশে থাকা আরও আড়াই থেকে তিন হাজার জামায়াত-শিবিরের নেতা-কর্মীকে। পাবনার পুলিশ সুপার (এসপি) মিরাজুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আসামি গ্রেপ্তারে অভিযান চলছে। এদিকে পাবনা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে লাশ দুটি শনিবার রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়। শনিবার জেলা জামায়াতের ডাকে আধা বেলা হরতাল চলাকালে সড়ক অবরোধের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে তাঁরা নিহত হন।