জামায়াত-শিবিরের নেতা কর্মীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগরে যুবলীগের নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় গত শুক্রবার রাতে জামায়াত-শিবিরের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
মামলায় হাজিরহাট ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. ইউছুফসহ জামায়াত-শিবিরের ২২ নেতা-কর্মী এবং অজ্ঞাতনামা আরও ৩০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে হাজিরহাট ইউনিয়ন জামায়াতের কর্মী মো. ছিদ্দিক উল্যাহ ওরফে দুলালকে পুলিশ শুক্রবার রাতেই তাঁর চরজাঙ্গালিয়া গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।
মামলা এবং গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আবদু জব্বার জানান, জামায়াতের গ্রেপ্তার হওয়া কর্মী মো. ছিদ্দিক উল্যাহকে গতকাল শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত বৃহস্পতিবার একটি পারিবারিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় পুলিশ পাটোয়ারির হাট ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের (জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন) সাধারণ সম্পাদক মো. শিরাজ উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে শিরাজ উদ্দিনকে গ্রেপ্তারে সহায়তা করার অভিযোগে সন্ধ্যায় জামায়াত-শিবিরের কর্মীরা ওই ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. এমরান হোসেন ওরফে মঞ্জুর আলমের ওপর হামলা চালান। ওই সময় তাঁরা মঞ্জুর আলমকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে রক্তাক্ত অবস্থায় একটি ঘরে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ সেখান থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
শুক্রবার প্রথম আলোয় এ নিয়ে একটি প্রতিবেদন ছাপা হয়। আহত মঞ্জুর আলম এখন আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।