জামায়াত-শিবিরের নেতাদের বিরুদ্ধে অভিযোগপত্র দমননীতির বহিঃপ্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রুত বিচার আইনে করা মামলায় খুলনা মহানগর জামায়াতে ইসলামীর আমির মিয়া গোলাম পরওয়ারসহ জামায়াত ও ছাত্রশিবিরের ৪৭ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির স্থানীয় নেতারা। গতকাল মঙ্গলবার যৌথ বিবৃতিতে খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতারা বলেন, রাজনৈতিক কর্মসূচিতে সরকারের বল প্রয়োগ থেকে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ও বিচ্ছিন্ন ঘটনায় দ্রুত বিচার আইনে ৪৭ নেতা-কর্মীর নামে মামলা দায়ের ও অভিযোগপত্র দাখিল সরকারের দমনপীড়ন নীতির বহিঃপ্রকাশ। বিবৃতিতে অভিযোগ করা হয়: বাড়ি, মেস, মাদ্রাসা এমনকি আত্মীয়স্বজনের বাসায় গিয়ে তল্লাশির নামে পুলিশ জামায়ত-শিবিরের নেতা-কর্মীদের হয়রানি করছে। মামলার ভয় দেখাচ্ছে। একটা সভ্য সমাজে এই আচরণ মেনে নেওয়া যায় না। নেতারা পুলিশকে আওয়ামী লীগের নির্দেশে না চলে আইনের পথে চলার পরামর্শ দেন। পাশাপাশি জামায়াত-শিবিরের গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার ও তাঁদের মুক্তির দাবি জানান। বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম, মহানগর বিএনপির সভাপতি সাংসদ নজরুল ইসলাম, খুলনা জেলা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, দলের নগর শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল আলম প্রমুখ।জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মুক্তির দাবিতে ৩০ জুন খুলনা নগরের ডাকবাংলো মোড় থেকে জামায়াত-শিবির একটি মিছিল বের করে। মিছিল চলাকালে হামলায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) চার পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় সদর থানার এক উপপরিদর্শক বাদী হয়ে মামলা করেন। দ্রুত বিচার আইনের এই মামলায় সোমবার জামায়াত ও ছাত্র শিবিরের ৪৭ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।