জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে পতাকা মিছিল
সারা দেশে জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদ, যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে শাহবাগের প্রজন্ম চত্বর থেকে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার দেশের বিভিন্ন স্থানে পতাকা মিছিল বের করা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: রাজশাহী: বিকেলে নগরের আলুপট্টির গণজাগরণ মঞ্চ থেকে পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি নগরের সোনাদিঘির মোড় হয়ে আবার গণজাগরণ মঞ্চে ফিরে আসে। সেখানে মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গণসংগীত আর কবিতা পাঠ করা হয়। এর ফাঁকে ফাঁকে ফাঁসির দাবি জানিয়ে দেওয়া স্লোগান পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। ভোলা: শহরে বিকেল তিনটায় পতাকা মিছিল বের করে তরুণ সমাজ। মিছিলটি ভোলা বাংলা স্কুল সৃষ্টিতলা গণজাগরণী মঞ্চ থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে। সুনামগঞ্জ: বিকেল তিনটায় জাতীয় পতাকা হাতে নিয়ে শহীদ মিনার থেকে গণজাগরণ মঞ্চের উদ্যোগে জেলা শহরে মিছিল বের হয়। এতে তরুণ প্রজন্মসহ বিভিন্ন শ্রেণী-পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন। মিছিল থেকে আজকের হরতাল প্রতিহত করার আহ্বান জানানো হয়।নেত্রকোনা: বিকেলে মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে নেত্রকোনা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মিছিলে স্থানীয় সাংসদ আশরাফ আলী খান খসরু, পৌর মেয়র প্রশান্ত কুমার রায়সহ ১৪ দল এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও প্রগতিশীল রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।