যুব সংগ্রাম পরিষদের সভা
জামায়াত-শিবিরের নৈরাজ্যের বিরুদ্ধে দেশজুড়ে এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি
জামায়াত-শিবিরের নৈরাজ্যকর কার্যকলাপের বিরুদ্ধে যুব সংগ্রাম পরিষদ একই দিন এবং একই সঙ্গে দেশজুড়ে এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি পালন করবে। এ ছাড়া রোডমার্চ কর্মসূচি গ্রহণ করা হবে। দিনক্ষণসহ বিস্তারিত কর্মসূচি কাল রোববার সংবাদ সম্মেলন করে ঘোষণা করবে ওই মোর্চা। গতকাল শুক্রবার যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যুব সংগ্রাম পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে যুব সংগ্রাম পরিষদের সমন্বয়ক মনোনীত করা হয়।সভায় কয়েক দিন ধরে দেশব্যাপী জামায়াত-শিবিরের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয়। এসব কার্যকলাপ রুখে দাঁড়াতে দেশবাসীর প্রতি সভা থেকে আহ্বান জানানো হয়। সভায় বক্তারা বলেন, এখনই যদি জামায়াত-শিবিরের নৈরাজ্যকর কার্যকলাপের বিরুদ্ধে রুখে দাঁড়ানো না যায়, তবে দেশ মৌলবাদী, জঙ্গিবাদী ও তালেবানি রাষ্ট্রে পরিণত হবে। সভার সভাপতি ও যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, সাংঘর্ষিক কর্মকাণ্ড পরিহার করে জনমত সৃষ্টি করা এবং নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে যুব সংগ্রাম পরিষদ কর্মসূচি ঘোষণা করবে। এ কর্মসূচিতে মুক্তিযুদ্ধের সপক্ষের সব রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে অংশ নিতে আমন্ত্রণ জানানো হবে। এসব সংগঠনের সঙ্গে আলাপ-আলোচনা শেষে রোববার চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে। গতকালের সভায় উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, জাতীয় যুবজোটের সভাপতি রোকনুজ্জামান ও সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন, বাংলাদেশ যুব মৈত্রীর সভাপতি মোস্তফা আলমগীর ও সাধারণ সম্পাদক সাব্বাহ আলী খান, যুব মহিলা লীগের সভাপতি সাংসদ নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক সাংসদ অপু উকিল, বাংলাদেশ যুব আন্দোলনের সভাপতি মুসাহিদ আহমেদ ও সাধারণ সম্পাদক পল্লব পাল, জাতীয় যুব ঐক্যের সভাপতি খায়রুল আলম ও সাধারণ সম্পাদক মিনহাজউদ্দিন প্রমুখ।