নারায়ণগঞ্জ, সিলেট, খুলনা ও নীলফামারীতে গত বুধবার পুলিশের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ৫৩৩ জন নেতা-কর্মীর বিরুদ্ধে পাঁচটি মামলা করেছে পুলিশ। এসব মামলায় ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:নারায়ণগঞ্জ: জেলা ছাত্রশিবিরের সভাপতি গোলাম সারোয়ার সাইদ, মহানগর কমিটির সভাপতি নাছির উল্লাহসহ ২৮ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও অনেককে। মামলায় বুধবার সকালে শহরের মণ্ডলপাড়ায় পুলিশের ওপর হামলা, উপপরিদর্শক (এসআই) রবিচরণ চৌহানকে হত্যার চেষ্টা, পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর, সরকারি কাজে বাধা, পুলিশের ওয়্যারলেস সেট ছিনতাইসহ জনস্বার্থ বিঘ্নিত করার অভিযোগ আনা হয়েছে।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, হামলায় জড়িত অভিযোগে গ্রেপ্তার হওয়া চারজনকে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।সিলেট: পুলিশের ওপর ককটেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনায় সিলেট নগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়ের, নায়েবে আমির ফখরুল ইসলামসহ ৭৫ জনকে আসামি করে দুটি মামলা হয়েছে। কোতোয়ালি থানার দুজন এসআই বুধবার রাতে ওই মামলা করেন।থানার এসআই শাহ মো. মুবাশ্বির বলেন, সংঘর্ষের ঘটনায় আটক ৪৯ জনের মধ্যে জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ২৫ জনকে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল জেলহাজতে পাঠানো হয়েছে। বাকিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।খুলনা: জামায়াত-শিবিরের হামলায় আহত নগরের সোনাডাঙ্গা থানার এসআই মো. নাসির হোসেন বুধবার রাতে বাদী হয়ে দলটির ২২ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২১০ জনকে আসামি করে একটি মামলা করেন। সরকারি কাজে বাধা, পুলিশকে আহত ও বিস্ফোরক আইনে মামলাটি করা হয়েছে।আসামিদের মধ্যে রয়েছেন: মহানগর জামায়াতের আমির আবুল কালাম আজাদ, নায়েবে আমির মাস্টার আবদুল মতিন ও মাস্টার সফিকুল আলম, সেক্রেটারি মাহফুজুর রহমান ও মহানগর শিবিরের সভাপতি সাইদুর রহমান।নীলফামারী: ডোমার উপজেলা শহরে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধাদান ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে জামায়াত-শিবিরের ১৯৮ জন নেতা-কর্মীর বিরুদ্ধে একটি মামলা হয়েছে। ডোমার থানার ওসি কফিল উদ্দিন বলেন, হামলার ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। গাজীপুর: সদর উপজেলার কোনাবাড়ী বাইমাইল, শিমুলতলী এলাকার বিএনডিসি ও পশ্চিম ভুরুলিয়া এলাকা থেকে ছাত্রশিবিরের সাত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করার আহ্বান জানানো লিফলেট, দুটি কম্পিউটারের হার্ডডিস্ক, সিপিইউ ও সিডি জব্দ করা হয়। বুধবার দিবাগত রাত তিনটা থেকে ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত ওই অভিযান চালায় পুলিশ।