জামায়াত-শিবিরের বাঙালি ছাত্র পরিষদের হরতালের হুমকি
বান্দরবানে বাঙালি যুব পরিষদের দুই সদস্য অপহূত হয়েছেন বলে দাবি করে জামায়াত-শিবিরের বাঙালি ছাত্র পরিষদ কাল সোমবার তিন পার্বত্য জেলায় হরতালের হুমকি দিয়েছে। গতকাল শনিবার বান্দরবান প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে এ হুমকি দেওয়া হয়। তবে বান্দরবানের পুলিশ সুপার কামরুল আহসান বলেছেন, অপহরণের কোনো ঘটনা ঘটেনি। যে দুজন অপহূত হয়েছেন বলে দাবি করা হচ্ছে, তাঁদের মধ্যে মোহাম্মদ ইমরান নামের একজন বান্দরবান সরকারি মহিলা কলেজের এক ছাত্রীর শ্লীলতাহানি ও অপহরণচেষ্টা মামলার পলাতক আসামি। বেলা ১১টায় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ৩৫ থেকে ৪০ জন নেতা-কর্মী-সমর্থক বাঙালি ছাত্র পরিষদের ব্যানারে মানববন্ধন করেন। সেখানে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সদস্য ও ছাত্রশিবিরের বান্দরবান জেলার সাবেক সভাপতি আতিকুর রহমান, ছাত্রশিবিরের সাবেক সদস্য ও দিগন্ত টেলিভিশনের প্রতিনিধি এইচ এম সম্রাট, কামরান ফারুক প্রমুখ।