জামায়াত-শিবিরের বিরুদ্ধে পাঁচ মামলা, ৭৫ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট, চাঁদপুর, লক্ষ্মীপুর ও কুমিল্লার লাকসামে গত শনিবার পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের এক হাজার ৩৫ জন নেতা-কর্মীর বিরুদ্ধে পাঁচটি মামলা হয়েছে। এসব মামলার আসামি ও আইনশৃঙ্খলাবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত সন্দেহে ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।নোয়াখালীতে ২৬ নেতা-কর্মীকে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে আজ সোমবার জয়পুরহাট জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে শিবির।ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:চাঁদপুর: শহরের বাসস্ট্যান্ড এলাকায় সংঘর্ষের ঘটনায় জামায়াত-শিবিরের ৩০০ নেতা-কর্মীর বিরুদ্ধে দুটি মামলা করেছে চাঁদপুর মডেল থানার পুলিশ। শনিবার সংঘর্ষের পর আটক নয়জনকে গতকাল রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।সিলেট: নগরের দর্শনদেউড়ি এলাকায় সংঘর্ষের ঘটনায় ২৯৯ জনের বিরুদ্ধে মামলা করেছে কোতোয়ালি থানার পুলিশ। আসামি হিসেবে নগর জামায়াতের আমির এহসানুল মাহবুব ও শিবিরের নগর শাখার সভাপতি আনোয়ারুল ওয়াদুদসহ ৯৯ জন নেতার নাম আছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত ৩০ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।লক্ষ্মীপুর: শনিবার বিকেলে শহরের গোডাউন রোডে সংঘর্ষের ঘটনায় জেলা জামায়াতের আমির রুহুল আমীন ভূঁইয়া, সেক্রেটারি মফিজুল ইসলামসহ ৩০ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। এতে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ২০০ জনকে।নোয়াখালী: মঙ্গলবার পুলিশের ওপর হামলা ও শহরে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টির অভিযোগে করা দুটি মামলায় জামায়াত-শিবিরের ২৬ নেতা-কর্মীকে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। নোয়াখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম এ এস এম জাকির হাসানের আদালত গতকাল আসামিদের রিমান্ড মঞ্জুর করেন। জয়পুরহাট: পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মাদ্রাসাছাত্র বদিউজ্জামানকে নিজেদের কর্মী দাবি করে তাঁর হত্যার প্রতিবাদে এবং জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে আজ সোমবার জয়পুরহাট জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ছাত্রশিবির। হরতালের সমর্থনে গতকাল দুপুরে জেলা শহরে ঝটিকা মিছিল করে শিবির।গতকাল জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে বদিউজ্জামানের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। গতকাল পাঁচবিবি উপজেলার তেলিহার গ্রামে জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বদিউজ্জামান শিবিরের সঙ্গে জড়িত নন, তাঁদের পরিবার আওয়ামী লীগের সমর্থক। যশোর: শনিবার রাতে মনিরামপুর উপজেলার ভোজগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াতের নেতা হুমায়ুন কবীরসহ ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলাবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড ও ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে।পঞ্চগড়: যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলার মামলায় জেলা জামায়াতের আমির ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল খালেকসহ ২৭ নেতা-কর্মীকে গতকাল জেলহাজতে পাঠিয়েছেন আদালত। শাহরাস্তি (চাঁদপুর): উপজেলার টামটা উত্তর ইউনিয়নের বলশিদ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা আলিম মাদ্রাসা এলাকায় গতকাল সকালে দলীয় প্রচারপত্র বিতরণকালে মহিবুল্লাহ (২২) ও মো. জালাল হোসেন (২২) নামের শিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।লাকসাম (কুমিল্লা): পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় জামায়াত-শিবিরের দুই শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেছে পুলিশ। ছয় কর্মীকে গ্রেপ্তার করে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।আদমদীঘি (বগুড়া): নওগাঁর নিয়ামতপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আয়েন উদ্দীন ও শিবিরের সাত কর্মীকে গতকাল ভোরে গ্রেপ্তার করেছে পুলিশ।