জামায়াত-শিবিরের বিরুদ্ধে সর্বত্র প্রতিরোধের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ঘরে ঘরে, পাড়ায় পাড়ায় প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের নেতারা। গতকাল শনিবার রাজধানীর তিন প্রান্তে গণপদযাত্রা-পূর্ব তিনিট সমাবেশে ১৪ দলের কেন্দ্রীয় নেতারা এ ডাক দেন। তাঁরা জামায়াত-শিবির পাওয়ামাত্রই পাকড়াও করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে জনগণের প্রতি আহ্বান জানান। যুদ্ধাপরাধীদের বিচারকাজ দ্রুত সম্পন্ন ও তা কার্যকর করা এবং বিএনপি-জামায়াত জোটের হত্যা, সন্ত্রাস, নৈরাজ্যের বিরুদ্ধে ব্যাপক গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে গতকাল সারা দেশে গণপদযাত্রা কর্মসূচি পালন করে ১৪ দল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় টঙ্গী থেকে উত্তরা, হেমায়েতপুর থেকে সাভার ও ডেমরা থেকে জুরাইন পর্যন্ত গণপদযাত্রা অনুষ্ঠিত হয়। এতে নেতা-কর্মীরা যুদ্ধাপরাধীদের বিচারের দাবিসংবলিত ব্যানার-ফেস্টুন বহন করেন। টঙ্গীতে গণপদযাত্রা-পূর্ব সমাবেশে শাহবাগের আন্দোলনকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ ও ব্লগার আহমেদ রাজীব হায়দারকে এ যুদ্ধের প্রথম শহীদ হিসেবে আখ্যা দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ। তিনি বলেন, রাজীবের হত্যার বদলা নিতে হবে। তবে এ বদলা খুন বা রক্তের মাধ্যমে নয়। সারা দেশে গণজাগরণ সৃষ্টির মাধ্যমে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার মাধ্যমে বদলা নিতে হবে। সমাবেশে একইভাবে রাজীব হত্যার বদলা নেওয়ার অঙ্গীকার করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি বলেন, ওই দিন আর বেশি দূরে নয়, যেদিন রাজাকারের সহযোগী হিসেবে বিএনপি আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। টঙ্গীর সমাবেশে আরও বক্তৃতা করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের সাহারা খাতুন, মাহবুব উল আলম হানিফ, খালিদ মাহমুদ চৌধুরী, স্থানীয় সাংসদ জাহিদ আহসান, ওয়ার্কার্স পার্টির সাংসদ ফজলে হোসেন বাদশা, গণতন্ত্রী পার্টির নূরুর রহমান সেলিম প্রমুখ।রাজধানীর দোলাইরপাড় এলাকায় গণপদযাত্রা-পূর্ব আরেক সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম ব্লগার রাজীবের হত্যাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, সাভার জানান, হেমায়েতপুর বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশ করে সাভারের অভিমুখে গণপদযাত্রা শুরু হয়। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের সভাপতিত্বে গণপদযাত্রা-পূর্ব সমাবেশে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, জাসদের শিরিন আক্তার, ওয়ার্কার্স পার্টির কামরুল আহসান প্রমুখ বক্তৃতা করেন।