দেশ থেকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ঢাকা মহানগর আওয়ামী লীগ। মহানগর আওয়ামী লীগের নেতারা বলেছেন, জামায়াত-শিবির ধর্মের নামে ব্যবসা করে। ধর্মের অপব্যাখ্যা করে দেশ ও জাতিকে বিভ্রান্ত করছে। তাই তাদের নিষিদ্ধ করা এখন সময়ের দাবি। গতকাল বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। ছাত্রশিবিরের এক নেতা মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর সঙ্গে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর তুলনা করার প্রতিবাদে মহানগর আওয়ামী লীগ এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, মহানগরের সহসভাপতি ফয়েজউদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাজি সেলিম, জয়বাংলা সাংস্কৃতিক জোটের সালাউদ্দিন বাদল, দিলীপ রায় প্রমুখ বক্তব্য দেন। মহানগর আওয়ামী লীগের নেতারা বলেছেন, জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী একটি চিহ্নিত যুদ্ধাপরাধী। এ রকম একজন মানুষের সঙ্গে মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর সঙ্গে তুলনা করা আরেকটি ষড়যন্ত্র। মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার যখন নিশ্চিত, সব প্রস্তুতি সম্পন্ন তখন এই বক্তব্য যুদ্ধাপরাধীদের বিচার বিলম্বিত করার ষড়যন্ত্র। ১৪ দলের সভা: ঢাকা মহানগর ১৪ দলও জামায়াত ও শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। গতকাল ধানমন্ডি হকার্স মার্কেটের ন্যাপ কার্যালয়ে অনুষ্ঠিত ঢাকা মহানগর ১৪ দলের সভা থেকে এ দাবি জানানো হয়। ন্যাপ নগর সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য বিমল বিশ্বাস, সভাপতিমণ্ডলীর সদস্য এম এ গনি ও নাজমা হক প্রমুখ উপস্থিত ছিলেন।